করোনা পরিস্থিতিতে ত্রাণ সহায়তা অব্যাহত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৯:৪৩
করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে দেড় কোটির বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুই লাখ ১১ হাজার মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭৪ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা এক কোটি ৫২ লাখ ছয় হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ছয় কোটি ৬৬ লাখ ১৫ হাজার।
নগদ বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ কোটি ৮৩ লাখ ৭২ হাজার ২৬৪ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮১ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার টাকা।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২২ কোটি ২৭ লাখ ৬৪ হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা সাত লাখ ১৩ হাজার ৬২১টি এবং উপকারভোগী লোকসংখ্যা ১৪ লাখ ৯৪ হাজার ৫৯৫ জন।