হোলি আর্টিসান মামলার নথি হাইকোর্টে, পেপারবুক ছাপা শেষ পর্যায়ে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৮:১৮
করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই বহুল আলোচিত রাজধানীর গুলশানে হোলি আর্টিসান রেস্তোরাঁয় নৃশংস ও বর্বরোচিত হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানির উদ্যোগ নেয়া হবে। এর আগে মামলার পেপারবুক প্রস্তুত করতে হবে।
জানাগেছে, আলোচিত এ মামলার পেপাররবুক ছাপানোর জন্য গত বছর ডিসেম্বর মাসে সুপ্রিমকোর্ট থেকে মামলার যাবতীয় নথিপত্র বিজি প্রেসে পাঠানো হয়। সেখানে কালি, প্লেটসহ অন্যান্য জিনিসপত্র সংকট থাকায় পেপারবুক ছাপা সাময়িকভাবে আটকে যায়। এরপর সুপ্রিমকোর্ট থেকে চিঠি দিয়ে দ্রুত ছাপার উদ্যোগ নিতে বলা হয়। মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে সাধারণ ছুটি থাকায় এতোদিন পেপারবুক ছাপানো যায়নি। এরপর ফের ছাপার কাজ শুরু হয়ে এখন শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিসানে জঙ্গি হামলায় ১৭ বিদেশি নাগরিক, চার বাংলাদেশিসহ ২৩ জন নিহত হন। গত বছর ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান বর্বরোচিত জঙ্গি হামলার রায় ঘোষনা করেন। রায়ে হামলায় জড়িত সাত জঙ্গির ফাঁসির আদেশ দেন বিচারক। অপরাধে সংশ্নিষ্টতার প্রমাণ না হওয়ায় আট আসামির একজন বড় মিজানকে খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলাম হোসেন ওরফে র্যাশ, হাদিসুর রহমান, রাকিবুল হাসান রিগ্যান, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশিদ রিপন।
রায়ের এক সপ্তাহ পর ৫ ডিসেম্বর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল থেকে মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য রায়সহ ২৩০৭ পৃষ্ঠার মূল নথি হাইকোর্টে পাঠানো হয়। যা বর্তমানে হাইকোর্টের পেপারবুক শাখায় রয়েছে। সকল প্রশাসনিক প্রক্রিয়া শেষে পেপারবুক ছাপানোর জন্য সুপ্রিমকোর্ট প্রশাসন থেকে বিজিপ্রেসে পাঠানো হয়।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই মামলায় ডেথ রেফারেন্স শুনানির জন্য অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। করোনাভাইরাস না আসলে আগেই পদক্ষেপ নিতাম।
তিনি বলেন, এই মহামারি কেটে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলেই এ মামলাটি হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানির জন্য তালিকাভুক্ত করতে পদক্ষেপ নেওয়া হবে এবং দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।
- বিষয় :
- হোলি আর্টিসান
- আদালত