ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের
×

ইউএস-বাংলা এয়ারলাইনস। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ১৩:৪০ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ | ১৩:৫৭

২০২৭ সালের হজযাত্রীদের জনপ্রতি ৯৮ হাজার টাকায় পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে আগামী হজ মৌসুমে ফ্লাইট পরিচালনা করতে চায় বেসরকারি এই বিমান সংস্থাটি।

মঙ্গলবার এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সবশেষ ২০২৬ সালের হজে জনপ্রতি বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। সে হিসাবে ইউএস-বাংলার প্রস্তাবিত ভাড়া বর্তমান ভাড়ার তুলনায় প্রায় ৫৭ হাজার টাকা কম। বর্তমানে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সাউদিয়া এবং বেসরকারি ফ্লাইনাস এয়ারলাইন্স।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে আলোচনা হবে।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিমান ভাড়া কমানোর দাবি দীর্ঘদিনের। ইউএস-বাংলার প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট সভায় আলোচনা হবে।

২০২৭ সালের হজ প্যাকেজ চূড়ান্ত করতে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ধর্ম সচিব বলেন, সরকার চায় মানুষ যেন কম খরচে হজ পালনের সুযোগ পান। এ কারণে বিমান ভাড়ায় প্রতিযোগিতা তৈরি হওয়াকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। বর্তমান সরকারের হজের ব্যয় কমানোর অঙ্গীকার বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
 

আরও পড়ুন

×