আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি এ বি মুহাম্মদ খুরশিদ আর নেই
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২০ | ১১:০৮ | আপডেট: ০২ জুলাই ২০২০ | ১১:১৪
আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ক্যাপ্টেন (অব.) এ বি মুহাম্মদ খুরশিদ আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউ'তে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউটের আইসিইউতে ডিউটিরত এক চিকিৎসক সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বি মুহাম্মদ খুরশিদ ফরিদপুর ঝিলটুলি এলাকার প্রয়াত আব্দুল জব্বার ভুইয়ার ছেলে। লেখাপড়া শেষে তিনি নৌবাহিনীতে যোগ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় ৩৫ আসামির মধ্যে ১৮ নম্বর আসামি ছিলেন এ বি মুহাম্মদ খুরশিদ। মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের জয়েন্ট সেক্টর নেভাল কমান্ডার ছিলেন তিনি। স্বাধীনতার পর ফরিদপুর জেলা জাসদ সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের নির্বাচনে তিনি ফরিদপুর সদর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ বি মুহাম্মদ খুরশিদের মৃত্যুতে সমকাল প্রকাশক এ. কে. আজাদ, সিনিয়র সাংবাদিক আবু সাঈদ খান ও আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি নুর মোহাম্মদ (ক্যাপ্টেন বাবুল) শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
- বিষয় :
- ইন্তেকাল
- এ বি মুহাম্মদ খুরশিদ