ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

উপদেষ্টা রিজওয়ানা জানালেন

পলিথিন বন্ধে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান

পলিথিন বন্ধে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান
×

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পলিথিন উৎপাদন বন্ধে মতবিনিময় সভায় বক্তব্য দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন পিআইডি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫ | ২৩:৪৪

| প্রিন্ট সংস্করণ

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে যৌথ বাহিনীকে নিয়ে কঠোর অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, নিষিদ্ধ পলিথিন বন্ধে আর কোনো ছাড় দেওয়া হবে না।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, আমদানি, সংরক্ষণ, বাজারজাতকরণ, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে যৌথ বাহিনী দিয়ে দেশজুড়ে কঠোর অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আমরা বারবার সতর্ক করেছি। কিন্তু এখনও একটি চক্র নিষিদ্ধ পলিথিন তৈরি ও বাজারজাত করছে। এবার আর কোনো অনুকম্পা থাকবে না। প্রয়োজন হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, মামলা দেওয়া হবে, কারখানা সিলগালা করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, অতিরিক্ত সচিব খন্দকার মাহাবুবুর রহমান, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, র‍্যাবের এডিজি (অপারেশনস) কর্নেল ইফতেখার আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম ও ফারুক আহমেদ, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রধান এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার প্রমুখ।
এদিকে বৃহস্পতিবার কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রির দায়ে মামলা এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়। একই দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়।

আরও পড়ুন

×