ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ঢাকায় বিমানবন্দরের আশপাশে ২৬৩ অনুমোদনহীন উঁচু ভবন: বেবিচক চেয়ারম্যান

ঢাকায় বিমানবন্দরের আশপাশে ২৬৩ অনুমোদনহীন উঁচু ভবন: বেবিচক চেয়ারম্যান
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫ | ২২:০৬

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরোনো বিমানবন্দরের আশপাশে ‘নো-ফ্লাই জোন’-এ অনুমতি ছাড়া অন্তত ২৬৩টি উঁচু ভবন গত ১০ বছরে নির্মাণ হয়েছে।

বৃহস্পতিবার বেবিচক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু ভবন ভাঙার কোনো অনুমতি বেবিচকের নেই, তাই আমরা এ ব্যাপারে রাজউককে (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) বারবার চিঠি লিখে জানিয়েছি। এখন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব হচ্ছে রাজউকের।’

সংবাদ সম্মেলনে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রসঙ্গ আসে। বিমানবন্দরের আশপাশে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের অনুমোদন দেওয়া হয় কিনা, তা বেবিচক চেয়ারম্যানের কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘মাইলস্টোন স্কুলের আশপাশে কোনো অবৈধ উঁচু ভবন নেই। সেখানে ১৫০ ফুট পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন আছে এবং বাস্তবে সর্বোচ্চ ১৩৫ ফুট উঁচু ভবন রয়েছে।’

সংবাদ সম্মেলনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-৩ উদ্বোধন বিষয়ে বেবিচক চেয়ারম্যান মোস্তফা মাহমুদ বলেন, ‘কোনো সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। তবে কাজ পুরোদমে এগোচ্ছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে টার্মিনালের অপারেশনবিষয়ক আলোচনা চলছে। উভয়ের মধ্যে সমঝোতা হলে চুক্তি সই হবে। খুব শিগগিরই থার্ড টার্মিনাল পুরোদমে চালু করার বিষয়ে তারা কাজ করছেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) মো. নুর-ই-আলম, সদস্য (অর্থ) এস এম লাবলুর রহমান প্রমুখ।

এদিকে ১৯ জুলাই তৃতীয় টার্মিনালের জন্য জনবল নিরূপণ ছাড়াও যারা বিদেশে যাওয়া-আসা করেন, তাদের কী ধরনের সমস্যা হয়, ইমিগ্রেশনে ঝামেলা হয় কিনা– এসব দেখার জন্য পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় তিনি বিভিন্ন গণমাধ্যমকর্মীদের জানান, এ টার্মিনালের ৯৯ শতাংশের বেশি (৯৯.১৮) নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু কবে নাগাদ এটা উদ্বোধন হবে, এ বিষয়ে সংশ্লিষ্টরা সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন

×