বিদ্যানন্দের প্লাস্টিকের বিনিময়ে চিকিৎসা
প্লাস্টিক হাতে হাসপাতালে ফিরলেন ওষুধ নিয়ে
বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চিকিৎসাসেবা কার্যক্রম সোমবার উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনিও রোগীদের চিকিৎসাসেবা দেন - সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৪৯
হাতে কুড়ানো কিছু পরিত্যক্ত প্লাস্টিক বোতল। এগুলো জমা দিয়েই গতকাল সোমবার দুপুরে নগরীর ২ নম্বর গেটে কসমোপলিটন আবাসিক এলাকায় বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এসেছিলেন গৃহবধূ হালিমা বেগম। আর্থিক অনটনের কারণে দীর্ঘদিন চিকিৎসক দেখানোর সুযোগ হয়নি তাঁর। সেখানে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পেয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে চালু হয়েছে ‘প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা’ কর্মসূচি। যেখানে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে মিলছে ল্যাব টেস্ট ও ওষুধ। সোমবার কসমোপলিটন আবাসিক এলাকায় বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই উদ্যোগের উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চিকিৎসাসেবা চালু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রথমদিনে ২৭ জন রোগী প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
গতকাল আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে তাদের অভিনব উদ্যোগের মাধ্যমে সিটি করপোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করছে। এই কর্মসূচি সেই সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে নিল। এটি বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনায় রোল মডেল হয়ে থাকবে।’
- বিষয় :
- বিদ্যানন্দ ফাউন্ডেশন
