বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ফোরাম গঠনের প্রস্তাব
জাতীয় বাজেটের প্রভাব নিয়ে এনএসইউর সেমিনারে অর্থসচিব ও ব্যবসায়ী নেতারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২২:৪২
দেশ থেকে পুঁজি চলে যাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার অবনতি এবং দেশীয় বিনিয়োগে স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও শিক্ষাবিদেরা। বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনতে একটি বিনিয়োগকারী ফোরাম গঠনের সম্ভাবনার কথাও উঠে এসেছে তাদের আলোচনায়।
শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) জাতীয় বাজেটের সরকারি ও করপোরেট খাতে প্রভাব নিয়ে এক সেমিনারে এসব বিষয় উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের উদ্যোগে এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটির (এনএসইউ ইয়েস!) সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
‘জাতীয় বাজেটের বিধানসমূহের সরকারি ও করপোরেট খাতে প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মোজুমদার। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান এম এ কাশেম।
সেমিনারে সরকারি ব্যয়, রাজস্ব আহরণ, অর্থনৈতিক উন্নয়ন এবং করপোরেট খাতের ওপর জাতীয় বাজেটের প্রভাব নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য ব্যবসায়ীসমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।
সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। তিনি উচ্চশিক্ষা, গবেষণা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ জন্য ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রমে কর-প্রণোদনা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব করেন তিনি।
এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সহজলভ্য গবেষণা তহবিল, শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক পর্যায়ে অর্থায়ন এবং স্টার্টআপ ইনকিউবেশনে সহায়তা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন উপাচার্য।
সেমিনারে বিশেষ অতিথি এম এ কাশেমের বক্তব্যেও ব্যবসায়িক আস্থা ও বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়। দেশের বাইরে পুঁজি চলে যাওয়া এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দেশীয় বিনিয়োগ উৎসাহিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থীদের প্রশ্নে অর্থনীতির নানা চ্যালেঞ্জ
সেমিনারের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা দেশের অর্থনীতি ও করপোরেট খাতের বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করেন। একাডেমিক শিক্ষার সঙ্গে শিল্প খাতের চাহিদার অসামঞ্জস্য, কর্মসংস্থানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং মধ্যম আয়ের পরিবারের আর্থিক চাপের বিষয় উঠে আসে তাদের প্রশ্নে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের ওপর বাংলাদেশের নির্ভরতা কমানো, রপ্তানি বহুমুখীকরণ, বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় রাজস্ব প্রস্তুতি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর স্টার্টআপ ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানের সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।
করব্যবস্থার আওতা বাড়ানো, তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে দায়িত্বশীলভাবে প্রযুক্তি ব্যবহারে প্রণোদনার বিষয়ও আলোচনায় আসে।
প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এফ জে মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও সরকারের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোখলেছ উর রহমান।
এ ছাড়া আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এবং ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের পরিচালক ড. এ কে এম আতিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক অধ্যাপক ড. নাজলী সিদ্দিকী। তিনি জাতীয় বাজেটের সিদ্ধান্ত ও এর বিস্তৃত অর্থনৈতিক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক এবং এনএসইউ ইয়েস!-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার মির্জা এম. ফেরদৌস।
আয়োজকেরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়, সরকার ও করপোরেট খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের জাতীয় অর্থনীতি ও নীতিনির্ধারণী বিষয়ে বাস্তব ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি