শেরপুরে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
গুগল ম্যাপ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ০৩:০৮
শেরপুরের নকলায় রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজিলা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে পৌর এলাকার কায়দা মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজিলা আক্তার ওই মহল্লার নূর ইসলামের স্ত্রী। স্বজনদের ভাষ্য, বিকেল সাড়ে ৪টার দিকে রাইস কুকারে রান্না করছিলেন ফজিলা। এ সময় স্টিলের চামচ দিয়ে খাবার নাড়াচাড়া করার সময় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি রান্নাঘরের মেঝেতে পড়ে যান। বৈদ্যুতিক সংযোগসহ রাইস কুকারটি তাঁর শরীরের ওপর পড়ে। এতে তাঁর মাথার একাংশ পুড়ে যায় এবং তিনি জ্ঞান হারান।
ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছিল।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপও বিষয়টি নিশ্চিত করেছেন।
- বিষয় :
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত