লালন সাধুসঙ্গে বক্তারা
ধর্মের নামে কেউ কেউ বিভেদ-হিংসা ছড়াচ্ছে
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২৩:০১
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের মধ্যন্যসিংপুরে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ‘বাৎসরিক লালন সাধুসঙ্গ ও ভাবসংগীত’ শুরু হয়েছে। রোববার বিকেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেখক ও গবেষক রফিউর রাব্বি বলেন, ধর্মগুলো মূলত মানুষের কল্যাণের কথা বলেছে। বিশেষ করে সুফিবাদের মধ্য দিয়ে এই অঞ্চলে ইসলাম প্রসারিত হয়েছে, যার মূল দর্শন মানুষে মানুষে ঐক্য তৈরি করা, বিভেদ নয়। কিন্তু বর্তমানে ধর্ম প্রচারের নামে কেউ কেউ মানুষের মধ্যে বিভেদ ও হিংসা ছড়াচ্ছেন।
লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক দর্শনের সঙ্গে বিভিন্ন ধর্মের বাণীর মিল তুলে ধরে তিনি বলেন, লালন তার গানে মানুষের মধ্যেই ঈশ্বরকে খুঁজতে বলেছেন। ঈশ্বরকে পেতে হলে মানুষকে ভালোবাসতে হবে। জাত ও ধর্মের নামে মানুষকে বিভক্ত করা হলে ঈশ্বরকেই ছোট করা হয়। ইসলাম ধর্মের হাদিসে নিজেকে জানার মাধ্যমে আল্লাহকে জানার কথা বলা হয়েছে, বেদেও আত্মাকে জানার কথা রয়েছে। লালনের এই মানবতাবাদী দর্শনের কারণেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গবেষকরা তাকে জানতে আসছেন।
অনুষ্ঠানে মুক্তিধাম আশ্রম ও লালন একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ফকির শাহজালাল বলেন, প্রতিবছরের মতো এবারও আশ্রমের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী সাধুসঙ্গের আয়োজন করা হয়েছে। ২০২৪ সালের পর দেশের বিভিন্ন মাজার ও দরগাহর মতো তাদের আশ্রমেও হামলার চেষ্টা এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এবারও ‘তৌহিদী জনতা’র নামে অনুষ্ঠান বন্ধ করতে চেয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
ফকির শাহজালাল বলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিকদের সহযোগিতায় তারা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছেন। সরকারের কাছে নিরাপত্তা ও সুরক্ষা দাবি করে তিনি বলেন, তারা লালন সাঁইয়ের মানবধর্ম ও অসাম্প্রদায়িক বাণী মানুষের কাছে পৌঁছে দিতে চান। কিন্তু একটি গোষ্ঠী বারবার তাদের ওপর আঘাত হানতে চাইছে। সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে বাংলার ঐতিহ্য ও সুর হারিয়ে যাবে।
দুই দিনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আশ্রম প্রাঙ্গণে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ফতুল্লা থানার ওসি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফকির শাহজালালের গুরু পেয়ার শাহ, শফি ফকির, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ ও সহসভাপতি ধীমান সাহা জুয়েল প্রমুখ। আয়োজকরা জানান, সোমবার পর্যন্ত চলবে এই সাধুসঙ্গ।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- লালন উৎসব