মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনার খুঁজতে স্পিকারের নেতৃত্বে ১০ সদস্যের বাছাই কমিটি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ | ২১:৪৫
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের সুপারিশ করার জন্য স্পিকারের নেতৃত্বে দশ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। আজ রোববার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর ৭ ধারা অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের শূন্য পদে নিয়োগের জন্য সুপারিশ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত সদস্যদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে এই কমিটির সভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, মন্ত্রীপরিষদ সচিব, সরকার দলীয় সংসদ সদস্য ময়মনসিংহ-১ আসনের এমপি মোহাম্মদ সালমান ওমর, বিরোধী দলীয় সংসদ সদস্য পাবনা-১ আসনের এমপি মোহাম্মদ নাজিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ মাহবুবুর রহমান, নাগরিক প্রতিনিধি অ্যাডভোকেট ফাতেমা রশীদ হাসান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও নৃ-গোষ্ঠীর প্রতিনিধি শৈ অংশ গ্লু।
আদেশে বলা হয়েছে, বাছাই কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে আইনমন্ত্রণালয়ে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
চলতি বছরের ১৩ এপ্রিল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীসহ কমিশনের সব সদস্য পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫ সংসদে বাতিল হয়ে যাওয়ার পর তারা এ সিদ্ধান্ত নেন। বিদায়ী কমিশনের অন্য সদস্যরা ছিলেন নূর খান লিটন, ইলিরা দেওয়ান, মো. শরিফুল ইসলাম ও ড. নাবিলা ইদ্রিস। চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগের পর আর মানবাধিকার কমিশন গঠন করা হয়নি।
বিদায় হওয়া অন্তর্বর্তী সরকারের শেষের দিকে গত ৫ ফেব্রুয়ারি জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন করা হয়। দুই মাসের মাথায় তারা পদত্যাগ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের তিন মাস পর নভেম্বর মাসে কমিশনের চেয়ারম্যান ড. কামালউদ্দিনসহ অন্য সদস্যরা পদত্যাগ করেন।
- বিষয় :
- মানবাধিকার কমিশন