ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর

সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর
×
×

গুগল ম্যাপ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ০৫:১১

সাটুরিয়ায় কৃষকরা সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে দরগ্রাম ইউনিয়নের বাবুল ডিলারের ঘরে এই ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ও সহকারী কমিশনার ভূমি এবং ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম। এক মাস আগেও বরাইদ ইউনিয়নের গোপালপুরে সার সংকটে ফুঁসে উঠেছিলেন কৃষকরা।

জানা গেছে, চাহিদার তুলনায় ডিলাররা বরাদ্দ কম পাওয়ায় সার পাচ্ছেন না কৃষকরা। সার সংকটে ভুট্টা ও সরিষা চাষ করতে পারছেন না তারা।

সাটুরিয়া কৃষি অফিসের তথ্যমতে, দরগ্রাম বাজারের ডিলার বাবুল ট্রেডার্সকে গত ৩ নভেম্বর ৬৬০ বস্তা ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়। এরপর কৃষকের চাহিদা বেশি থাকায় ৫ নভেম্বর আরও অতিরিক্ত ৩০০ বস্তা ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়। এর পরও কৃষকের চাহিদা বেশি থাকায় ১৩ নভেম্বর আরও অতিরিক্ত ৫০০ বস্তা ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়। চলতি মাসে এই ইউনিয়নে একের অধিক ডিলারকে এক হাজার ৪৬০ বস্তা ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ১৩ নভেম্বর বরাদ্দ দেওয়া অতিরিক্ত ৪০০ বস্তা ডিএপি সার গতকাল রোববার বাবুল ডিলারের ঘর থেকে বিতরণ করা হচ্ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা কৃষকরা শান্তিপূর্ণভাবে সার নিচ্ছিলেন। কিন্তু যখন ৩৯০ বস্তা শেষ হয় তখন কৃষকদের জানানো হয় সার নেই। এতে কৃষকরা ক্ষিপ্ত হয়ে দরগ্রাম ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা আরিফুল ইসলামকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

কৃষকরা জানান, এখন আমন মৌসুম শেষ। এই মৌসুমের পরই সরিষা ও ভুট্টা চাষ শুরু হয়েছে। সারের ডিলারের দোকানে গেলে বলে সার নেই। যতটুকু বরাদ্দ আসে তা নিমিষে শেষ হয়ে যায়। সারের জন্য চাষাবাদ করতে পারছেন না তারা। কৃষকদের অভিযোগ সরিষা ও ভুট্টার মৌসুম শেষ হলে তখন সার দিয়ে কী করবেন, এমন প্রশ্ন তাদের।

সারের ডিলার বাবুল হোসেন বলেন, চলতি মাসে তিন ধাপে এক হাজার ৩৬০ বস্তা ডিএপি সার বরাদ্দ পান তিনি। চাহিদার তুলনায় সার বরাদ্দ কম পাওয়ায় কৃষকদের সামাল দিতে পারছেন না। সারের জন্য গভীর রাতে কৃষকরা দোকানের সামনে ভিড় করে থাকেন। চাহিদার তুলনায় সার কম পাওয়ায় কৃষকরা ফুঁসে উঠছেন। ১০০ বস্তা সার বরাদ্দ দেওয়া হয় পাশের এলাকার এক ডিলারকে।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, দরগ্রাম ইউনিয়নে চাহিদার তুলনায় অনেক বেশি সার বরাদ্দ দেওয়া হয়েছে। তারপরও কৃষকের কথা চিন্তা করে বরাদ্দ সারের পরও ওই ইউনিয়নে ৮০০ বস্তা ডিএপি সার অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে। সার না পেয়ে উপসহকারী কর্মকর্তার ওপর হামলার ঘটনা দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। যারা উপসহকারী কর্মকর্তার গায়ে হাত তুলেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, একজন কৃষক পরিবারের চারজনকে সঙ্গে নিয়ে আসেন। বাবা সার নিয়ে যান। পরে লাইনে স্ত্রী ও সন্তানদের দাঁড় করান। প্রথমে যিনি নিয়েছেন পরে তিনিও আবার লাইনে দাঁড়িয়ে সার নিচ্ছেন। এভাবে সার নিলে দেখা যায়, অনেক কৃষক সার না পেয়ে খালি হাতে ফিরে যান। ফলে বারবার এ ধরনের ঘটনা ঘটছে।

আরও পড়ুন

×