সেই মার্কিন নাগরিককে বিমানবন্দরে আনতে যান এক ডিআইজি, হোটেলের ভাড়া দেন জাপা নেতা
এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম চৌধুরী। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:০২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৪:২০
অনেক দিন ধরেই বিদেশি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম ওরফে মাসুদ করিম চৌধুরী। সন্ত্রাসবিরোধী আইনে রমনা থানায় মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
একাধিক সূত্র জানায়, পুলিশের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা এনায়েত করিমকে আনতে বিমানবন্দরে যান। তাঁর জন্য পুলিশের এক সদস্যকে দেহরক্ষী হিসেবে নিযুক্ত করেন। গ্রেপ্তারের সময় ওই দেহরক্ষী মাসুদের গাড়িতে ছিলেন। দেহরক্ষীকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত শনিবার এনায়েত করিমকে সন্দেহভাজন হিসেবে আটকের পর ৫৪ ধারায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা থেকে বাঁচানোর কথা বলে অনেকের সঙ্গে প্রতারণা করেন তিনি।
গত ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসার পর এনায়েত করিম দুদিন একটি পাঁচতারকা হোটেলে ছিলেন। ওই হোটেল বুকিং ও তার ভাড়া পরিশোধ করেছিলেন জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব পরিচয় দেওয়া এক নেতা।
পুলিশ বলছে, শনিবার সকালে এনায়েত করিম প্রাডো গাড়িতে মিন্টো রোড এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন। গাড়ি থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই এলাকায় ঘোরাঘুরি করার বিষয়ে সদুত্তর দিতে পারেননি।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত করিম বলেছেন, বর্তমান সরকার পরিবর্তন করে নতুন জাতীয় সরকার গঠনে কাজ করতে তিনি বাংলাদেশে এসেছেন। তাঁর দাবি, তিনি বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খুব নাজুক অবস্থায় আছে। সেনাবাহিনীর সঙ্গেও এই সরকারের দূরত্ব তৈরি হয়েছে। এই সুযোগে বর্তমান সরকারকে পরিবর্তন করতে বাংলাদেশে এসেছেন। সরকারি উচ্চ ও নীতিনির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন। এনায়েতের কোনো বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি পাওয়া যায়নি।
আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদনে বলা হয়, তিনি ৬ সেপ্টেম্বর সকালে নিউইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজে শাহজালাল বিমানবন্দরে আসেন। প্রথম দুদিন তিনি সোনারগাঁও হোটেলে ছিলেন। পরের কয়েক দিন গুলশানে ছিলেন। তিনি ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে যান। ২০০৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পান। এর আগে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলেও একবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে এনায়েত করিমকে গ্রেপ্তার করা হয়েছিল।
- বিষয় :
- গ্রেপ্তার
- গোয়েন্দা সংস্থা
