ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

২১ দিনে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
×

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৪৫

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চাঙ্গা ভাব অব্যাহত আছে। চলতি মাসের ২১ দিনে ২ দশমিক শূন্য ৩ বিলিয়ন বা ২০৩ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। আগের বছরের সেপ্টেম্বর মাসের একই সময়ে এসেছিল

১৬৩ কোটি ডলার। এ হিসেবে রেমিট্যান্স বেশি এসেছে প্রায় ৪০ কোটি ডলার বা ২৪ দশমিক ৩০ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের শুরু থেকে গত ২১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬৯৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে পরিমাণ ছিল ৫৭৭ কোটি ডলার। এ হিসাবে রেমিট্যান্স বেশি এসেছে প্রায় ১১৬ কোটি ডলার বা ২০ শতাংশের বেশি। গত অর্থবছর রেকর্ড তিন হাজার ৩৩ কোটি ডলার রেমিট্যান্স আসে। আগের অর্থবছরের তুলনায় যা ছিল ২৬ দশমিক ৮৩ শতাংশ বেশি।

সরকার পরিবর্তনের পর অর্থ পাচারে কড়াকড়ির পর থেকে রেমিট্যান্সে উচ্চ প্রবাহের পাশাপাশি রপ্তানি আয়ও বাড়ছে। গত অর্থবছর রপ্তানিতে ৭ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসে বেড়েছে ২৭ শতাংশ। আবার গত এপ্রিল-জুন প্রান্তিকে বিদেশি ঋণ প্রায় ৭৩৫ কোটি ডলার বেড়ে ১১ হাজার ২১৬ কোটি ডলার হয়েছে। সব মিলিয়ে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। গত অর্থবছর রেকর্ড বিদেশি দায় পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে উঠেছে। আর বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার।
বিগত সরকারের সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমছিল। দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারের ঘর ছাড়ায়। সেখান থেকে কমে সরকার পতনের আগে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে যায়।

আরও পড়ুন

×