ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আলোচনা সভায় বিশেষজ্ঞরা

জলবায়ু পরিবর্তনে ডেঙ্গু দ্রুত ছড়াচ্ছে

রোগ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের আহ্বান

জলবায়ু পরিবর্তনে ডেঙ্গু দ্রুত ছড়াচ্ছে
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ২২:২৭

জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডায়রিয়া ও কলেরার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনসহ সব অংশীজনকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়। 

বৃহস্পতিবার ঢাকার ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা’য় আলোচকরা এ কথা বলেন। সভাটি আয়োজন করে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি (এনএমইপি) ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি।

ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন নানাভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। কোনো একক প্রচেষ্টায় সমস্যার সমাধান সম্ভব নয়; বহুমাত্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যক্রম চালাতে হবে।

ব্র্যাকের স্বাস্থ্য ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক ড. মো. আকরামুল ইসলাম বলেন, ডেঙ্গুর বাইরে পানিবাহিত রোগ, নারীর স্বাস্থ্য সমস্যা, হিট স্ট্রোক ও চর্মরোগের মতো সংকটও বাড়ছে। এগুলো মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ জরুরি। 

ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোরশেদ বলেন, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের মতো উদ্যোগ কার্যকর সমাধানের পথ দেখাচ্ছে। এর জন্য সমন্বয় ও ঐক্য দুটোই অপরিহার্য।

গ্লোবাল ফান্ডের সিনিয়র প্রোগ্রাম অফিসার কেভিন লুথি বলেন, অর্থ সংগ্রহ এখন বড় চ্যালেঞ্জ। উন্নত তথ্য ব্যবস্থাপনা ও সমন্বয় ছাড়া কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম বলেন, আগাম সতর্কবার্তা তখনই কার্যকর হয়, যখন তাৎক্ষণিক সহায়তা দেওয়া যায়। তৃণমূল পর্যায়ে সতর্কতা ও সহায়তা একসঙ্গে পৌঁছানো দরকার।

আলোচনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ধরিত্রী কুমার সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী, পরিকল্পনা কমিশনের উপপ্রধান সানোয়ারুল হকসহ বিভিন্ন দপ্তর ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। 

আলোচকেরা জলবায়ু পরিবর্তনকে জাতীয় নীতিমালা ও কৌশলে অন্তর্ভুক্ত করা এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত কাঠামো শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।

উল্লেখ্য, ব্র্যাক ২০০৪ সাল থেকে যক্ষ্মা এবং ২০০৭ সাল থেকে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে কাজ করছে। এ ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারি থেকে ব্র্যাক এনএমইপি ও স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি ইউনিটের তত্ত্বাবধানে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’ বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২৮টি জলবায়ু-ঝুঁকিপূর্ণ জেলা ও ছয়টি সিটি করপোরেশন এলাকায় চালু রয়েছে। এর আওতায় এখন পর্যন্ত ৬০২টি ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালিত হয়েছে এবং ২ হাজার ২৮৭ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×