ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত জয়

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত জয়
×

সজীব ওয়াজেদ জয়- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০ | ১১:২৫ | আপডেট: ২৭ জুলাই ২০২০ | ১১:৩১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উদযাপিত হয়েছে। করোনাভাইরাসের কারণে সোমবার সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তবে জন্মদিনে ইন্টারনেটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই কম্পিউটার বিজ্ঞানী।

দিনটি উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি রাজধানীর সেগুনবাগিচায় গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আশরাফুল আলমসহ পূর্ত ভবনের অন্যান্য প্রকৌশলী-কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উপলক্ষে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছিল বন ও পরিবেশ উপ-কমিটি। এর অংশ হিসেবে সোমবার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে গাছের চারা রোপণ করে উপ-কমিটি।

সোমবার প্রথম প্রহর থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু তার ফেসবুক পাতায় সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ছবি দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার ফেসবুক পাতায় ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’ জয়ের ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট দিয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক পাতায় একটি ভিডিও পোস্ট করে লিখেছেন ‘শুভ জন্মদিন সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি সজীব ওয়াজেদ জয়।’

শুধু কেন্দ্র নয়, কেন্দ্রের বাইরেও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন নেতাকর্মীরা তাদের ফেসবুক পাতায় সজীব ওয়াজেদ জয়ের ছবি পোস্ট করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম খান ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা’ জয়ের ছবি দিয়ে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন।

আরও পড়ুন

×