ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

এমবাপ্পের মন পড়ে আছে ফাইনালে

এমবাপ্পের মন পড়ে আছে ফাইনালে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৪:৫৯

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ছিল গোলবন্যা ও রোমাঞ্চে ঠাসা। ১০ গোলের সেই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-৪ ব্যবধানে হেরেছে ফ্রান্স। তবে সেই হারের রাতেও জোড়া গোলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। একইসঙ্গে গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও সবার উপরে উঠে এসেছেন তিনি।

তবে এসব ব্যক্তিগত অর্জনে মন নেই এমবাপ্পের। ফ্রান্সের অধিনায়কের মন পড়ে আছে বিশ্বকাপ ফাইনালের মহারণে। বাংলাদেশ সময় সোমবার রাতে নিউজার্সির মেটলাইফে অনুষ্ঠেয় সেই ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় ফুটবলের পরাশক্তি স্পেন।

সেমিফাইনালের মঞ্চে স্পেনের কাছে হেরেই বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে এমবাপ্পের দল। ওই ম্যাচে জয় পেলে বিশ্বকাপ ফাইনালের মঞ্চে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারত ফ্রান্স। কিন্তু স্পেনের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ে সেটা আর হয়ে ওঠেনি।

ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়ার আক্ষেপ এখনও বয়ে বেড়াচ্ছেন ফরাসি অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রেকর্ড গড়লেও ফাইনাল খেলতে না পারার কষ্টই ঝরে পড়ল তার কণ্ঠে।

ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে এমবাপ্পে বলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আমার কাছে অনেক বেশি আনন্দদায়ক হতো যদি আমি আগামীকালের ফাইনাল ম্যাচটা খেলতে পারতাম। সুযোগ থাকলে আমি ওই ম্যাচটাই বেছে নিতাম। ইতিহাসের পাতায় নাম লেখা থাকাটা দারুণ ব্যাপার। তবে এই মুহূর্তে আমার মাথায় সেই আনন্দ কাজ করছে না।’

নিজের ব্যক্তিগত অর্জনকে একপাশে সরিয়ে রেখে রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা বলেন, ‘আমি সবসময় আমার দলকে গোল পেতে সাহায্য করার চেষ্টা করি। আপনি যখন বিশ্বকাপে অনেক গোল করবেন, তখন এটি আপনাকে নির্দিষ্ট স্তরে উন্নীত করবে। তবে আমি বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা না হয়ে ফাইনাল খেলতেই বেশি পছন্দ করতাম।’

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। বর্তমানে তার নামের পাশে শোভা পাচ্ছে ২২টি গোল। অন্যদিকে মেসির গোলসংখ্যা বর্তমানে ২১টি। এমবাপ্পের ২২ গোলের কীর্তি গড়তে লেগেছে মাত্র ২২টি ম্যাচ। আর মেসি ২১ গোল করেছেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৩ ম্যাচ খেলে।

তবে এমবাপ্পের মনে করেন ফাইনালেই সেই রেকর্ড টপকে যেতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক। ফরাসি অধিনায়ক বলেন, ‘লিও সব সময় গোল করে। আগামীকালের ম্যাচেও সে নিশ্চিতভাবেই গোল করবে।’

মেসি সর্বোচ্চ গোলের নতুন কীর্তি গড়লেও এমবাপ্পের সামনে তাকে পেছনে ফেলার সুযোগ রয়েছে। কারণ মেসি তার ক্যারিয়ারের ৬ষ্ঠ বিশ্বকাপ খেলছেন। এটা হয়তো তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। অন্যদিকে এমবাপ্পে খেলেছেন তার ক্যারিয়ারের মাত্র তৃতীয় বিশ্বকাপ। তার সামনে আরও অন্তত একটি বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে।

আরও পড়ুন

×