সালমান শাহর মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ ১১ জনের নামে মামলা
ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহ। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ০৭:৫৭
| প্রিন্ট সংস্করণ
চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তাঁর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার মধ্যরাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। এর আগে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক হত্যা মামলা নেওয়ার নির্দেশ দেন।
সালমান শাহর মা জাতীয় পার্টির সাবেক নেত্রী নিলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী সমকালকে বলেন, আমার সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করা ১১ জনের বাইরে সেই সময়ের কলাকুশলী, চিত্রপরিচালকসহ অনেকে জড়িত। তাদের সবার বিচার চাই।
আসামিরা হলেন সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহমেদ বলেন, আদালতের নির্দেশনার পর দ্রুতই কাগজপত্র রমনা থানায় চলে যায়। সেদিনই মামলাটি নথিভুক্ত করে থানা পুলিশ। আমরা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার আশা করছি। সালমান শাহর মা প্রবাসী হওয়ায় তাঁর পক্ষে মৃতের মামা মোহাম্মদ আলমগীর মামলাটি পরিচালনা করবেন।
১৯৯৬ সালে শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহর জনপ্রিয়তা যখন তুঙ্গে, সেই সময় তাঁর রহস্যজনক মৃত্যু হয়। ওই বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডের ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রথমে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়।
সর্বশেষ তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে জানায়, হত্যার প্রমাণ মেলেনি, সালমান শাহ আত্মহত্যা করেছেন। এর আগেও দুই দফা তদন্তে তাঁর মৃত্যুকে আত্মহত্যাই বলা হয়েছিল। তবে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এতে একমত হতে পারেননি। পরে পরিবারের রিভিশন আবেদন মঞ্জুর করে এ ঘটনায় হত্যা মামলা দায়েরের আদেশ দেন আদালত।
- বিষয় :
- সালমান শাহ
