ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা স্থগিত, নিয়মিত ক্লাসের নির্দেশ

দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা স্থগিত, নিয়মিত ক্লাসের নির্দেশ
×

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ০৭:১৫

উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হবে না। এ বিষয়ে দেশের সব কলেজকে নিয়মিত পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। পরবর্তী সময়ে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচি জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গতকাল রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সমকালকে বলেন, জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে অনেক কলেজ অগ্রিম নির্বাচনী পরীক্ষা নিতে চাইছে।

এতে শিক্ষার্থীদের প্রস্তুতির সময় কমে যাচ্ছে। তাই আপাতত কোনো প্রতিষ্ঠানকে নির্বাচনী পরীক্ষা নিতে নিষেধ করা হয়েছে। তবে ২০২৬ সালের শুরুর দিকে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। সুনির্দিষ্ট সময় পরে জানানো হবে।

একই ধরনের নির্দেশনা কুমিল্লা শিক্ষা বোর্ড থেকেও জারি করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন। তিনি বলেন, ঢাকা বোর্ডের মতো আমরাও কলেজগুলোকে এখনই নির্বাচনী পরীক্ষা না নিয়ে ক্লাস চালানোর নির্দেশ দিচ্ছি। অন্যান্য বোর্ডও একই পদক্ষেপ নেবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় এবং মার্চে ফল প্রকাশ করা হয়। এরপর ২৬ জুন থেকে শুরু হয়েছিল এইচএসসি ও সমমান পরীক্ষা। নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নিয়মিত পাঠদান বাধাহীনভাবে চলবে। নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান নির্বাচনী পরীক্ষা নিলে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

×