বঙ্গোপসাগরে লঘুচাপ, বাংলাদেশে আঘাতের আশঙ্কা নেই
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫ | ২১:৪২
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূল ঘিরে থাকা লঘুচাপটি ঘনীভূত হয়ে বুধবার সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিবায়ুর এই চক্রটি আরও শক্তি সঞ্চয় করে উত্তর, উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া আরেকটি নিম্নচাপ দ্রুত শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। নাম রাখা হয়েছে ‘শেন-ইয়ার’। সংযুক্ত আরব আমিরাতের প্রস্তাবিত নাম, যার অর্থ সিংহ।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ বলেন, মালাক্কা প্রণালি ও আশপাশে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’-এ রূপ নেয় এবং বুধবার সকাল ৬টার দিকে একই এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম দিকে এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেন-ইয়ারের বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই।
- বিষয় :
- বঙ্গোপসাগর
- লঘুচাপ
- বাংলাদেশ
