ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জকসুর ৩৮ কেন্দ্রের ফলাফল

শীর্ষ ৩ পদের দুটিতেই এগিয়ে শিবির

শীর্ষ ৩ পদের দুটিতেই এগিয়ে শিবির
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ২৩:৩৬ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ | ০০:২২

ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী সংসদ নির্বাচনেও বড় চমকের পথে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শীর্ষ তিন পদেই জয় মোটামুটি নিশ্চিত। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের ১১ সম্পাদকীয় পদের আটটিতেই শিবিরের প্রার্থীদের জয় নিশ্চিত।  তিনটি পদে জয় পেতে যাচ্ছে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। এর আগের চার সংসদ নির্বাচনে কেবল চাকসুতে এজিএস (সহ-সাধারণ) পদে জয় পেয়েছিল ছাত্রদল। তবে নির্বাচন সুষ্ঠু হলেও ফল গণনায় দেখা দেয় চরম ভোগান্তি

আজ বুধবার বিকেল ৪টায় শেষ হয় জকসুর ভোটগ্রহণ। এরপর রাত সাড়ে ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ঘণ্টাতেও ভোট গণনা করে শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। তখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের (হল সংসদের একটি কেন্দ্রসহ) মধ্যে ৩৮টি কেন্দ্রের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত প্যানেল শীর্ষ তিনপদসহ সম্পাদকীয় ১১টি পদের মধ্যে ৮টিতে এগিয়ে থাকতে দেখা গেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন চার হাজার ৬৮৮ ভোট। অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। এতে ভিপি পদে রিয়াজুল এগিয়ে রয়েছেন ৮৭০  ভোটে।

এদিকে সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মোট ভোটের হিসাবে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। জিএস পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন দুই হাজার ১৩৩ ভোট। বিপরীতে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট। ফলে জিএস পদে আরিফের লিড ৩ হাজার ৩৩৫ ভোট।  

এজিএস পদে ছাত্রদল সমর্থিত বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট। অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ১৫ ভোট। এতে এজিএস পদে মাসুদ রানার ব্যবধান ১ হাজার ৭২ ভোট।

তবে ভোট গণনার সময় আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের ফলাফলে এগিয়ে ছিলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব। দুপুরের পরে বিভিন্ন কেন্দ্রের ফলাফলে রাকিবের জয়ের আশায় ভাটা নামে। এছাড়া জিএস পদে গণনা ও ফলাফল ঘোষণার শুরু থেকেই জয়ের বন্দর থেকে দূরে সরে যেতে থাকেন ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা। তবে শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে এজিএস পদে শিবিরের মাসুদ রানা ও ছাত্রদলের তানজিলের মধ্যে। তবে ৮ ভোট কেন্দ্রের ফলাফলে সর্বশেষ চূড়ান্ত বিজয় কার ঘোষণা করবেন নির্বাচন কমিশন।

এছাড়াও অন্য সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে নুরনবী, শিক্ষা ও গবেষণা পদে ইব্রাহিম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তিতে সুখীমন, আন্তর্জাতিক সম্পাদকে নওশীন নওয়ার জয়া এগিয়ে আছেন। 

এছাড়া ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে পরিবহন সম্পাদক পদে মায়েদ হোসেন, পাঠাগার সম্পাদক পদে রিয়াসাল রাকিব ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাকরিম হোসেন বিপুল ব্যবধানে নিকটতম প্রার্থী শিবিরের চেয়ে এগিয়ে আছেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৯ বছর পর প্রথমবার ছাত্র সংসদ নির্বাচন ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে দেশের বৃহত্তম দুই দলের নেতাকর্মীদের মধ্যে চলছে উত্তেজনা। জকসু ভোটকেন্দ্রের বাইরে জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। এটা নিয়ে ছাত্রদলকে সমালোচনা করতেও দেখা গেছে।

আরও পড়ুন

×