ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক কখনোই দুর্বল হওয়ার নয়: খালিদ মাহমুদ চৌধুরী

ভারতের সঙ্গে সম্পর্ক কখনোই দুর্বল হওয়ার নয়: খালিদ মাহমুদ চৌধুরী
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০৮:২৮ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ | ০৯:৫৪

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত সুস্থ ও সবল আছে। মুক্তিযুদ্ধের সময়ে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটি রক্তের সম্পর্ক। আমাদের মুক্তিযুদ্ধের সময়ে ভারতীয়রা রক্ত ও আশ্রয় দিয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সাংস্কৃতিক বন্ধন রয়েছে, তা পৃথিবীর আর কোন দেশের সঙ্গে নেই। তাই এ সম্পর্ক কখনোই দুর্বল হওয়ার নয়। সম্পর্কটি নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের কিছু চুক্তি, প্রকল্প ও কার্যক্রম রয়েছে। দু’দেশের কানেক্টিভিটি বাড়াতে নৌপথ অন্যতম মাধ্যম হতে পারে। আমরা আলোচনা করে বিষয়গুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। 

রীভা গাঙ্গুলী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করি। ভারত-বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক আছে। অনেক কাজ হয়েছে। আমরা কভিডের মধ্যেও একসঙ্গে কাজ করেছি। এটা সম্পর্ক ক্লোজ হওয়ার কারণেই হয়েছে, এখানে ট্রেড ট্রেন চলছে। সাপ্লাই চেইন ঠিক আছে। বরং অনেক বেশি সুচারু হয়েছে। এখানে অনেকগুলো চুক্তি হয়েছে। একসঙ্গে অনেকগুলো প্রজেক্ট করেছি। ওভারঅল আমি খুবই খুশি । এটা দু’দেশের জন্য উইন উইন অবস্থান। আমাদের ট্রেড বাড়বে। এটাতে বাংলাদেশেরও লাভ হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি বলেন, বাংলাদেশ ভারতের মধ্যে জাহাজ চলাচলের স্ট্যান্ডার্ড অপারেটর প্রসিডিউর (এসওপি) স্বাক্ষরের আলোকে ট্রায়াল ইতিমধ্যে হয়ে গেলো। এখন দরকার বাকিগুলো এগিয়ে নিয়ে যাওয়া, তাতে কোন অসুবিধা নেই। সেটা সহজভাবে হয়ে যাবে। অতি জরুরি চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আমরা দিচ্ছি। এখন আমরা  নরমাল ভিসার বিষয়ে চেষ্টা করছি। তবে তা নির্ভর করছে কভিড পরিস্থিতি ও ফ্লাইট চলাচলের ওপর।

আরও পড়ুন

×