পাকিস্তান সৃষ্টির আগেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু: কৃষিমন্ত্রী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ১২:৪৮
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পাকিস্তান সৃষ্টির আগেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদ্মা, মেঘনা ও যমুনা পাড়ের অঞ্চল নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন। তিনি অবশেষে এ অঞ্চলে (বাংলাদেশ) একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। কিন্তু সেই জাতির পিতাকেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। এটি আমাদের জন্য চরম দুঃখ ও লজ্জার দিন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতার শাহাদাতবার্ষিকী এবং করোনাকালে সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সহায়তা চেক প্রদান ও দোয়া অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ, স্বদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রতন, বিএফইউজে নির্বাহী সদস্য শেখ মামুনুর রশীদ, ডিইউজের সহসভাপতি এমএ কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান প্রমুখ। ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মীর মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
সাংবাদিকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনও সক্রিয়। যারা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিষয়ে সত্য তুলে ধরতে হবে।
মোল্লা জালাল বলেন, বঙ্গবন্ধুর খুনি ও স্বাধীনতাবিরোধী চক্রের অনেকে এখনও আওয়ামী লীগে প্রবেশ করে সময়মতো ছোবলের অপেক্ষায় রয়েছে। তাদের খুঁজে বের করতে হবে।
জাফর ওয়াজেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে গণমাধ্যম কর্মীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এর আওতায় দেশের প্রায় দুই হাজার সাংবাদিককে বিশেষ অনুদান দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে কুদ্দুস আফ্রাদ বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের চিহ্নিত করতে হবে। প্রয়োজনে কমিশন গঠন করে এ বিষয়ে জাতীয় সংসদে বিল পাস করতে হবে।
- বিষয় :
- কৃষিমন্ত্রী
- ড. আব্দুর রাজ্জাক