ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সাবেক নারী ভাইস চেয়ারম্যানসহ ডেঙ্গুতে এক দিনে দুজনের মৃত্যু

সাবেক নারী ভাইস চেয়ারম্যানসহ ডেঙ্গুতে এক দিনে দুজনের মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক ও রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২৩:৪৬

দেশে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে একজন পুরুষ। অন্যজন রাজবাড়ী সদর উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এক দিনে একই সময়ে নতুন করে ৪৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন বৃহস্পতিবার ভোরে মারা যান সাবেক নারী ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা আলেয়া বেগম ২০১৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

আলেয়া বেগমের ছেলে আকাশ মিয়া বলেন, চার থেকে পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন তাঁর মা। বুধবার তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। তিনি বলেন, তাঁর মা সাবেক জনপ্রতিনিধি ছিলেন এ পরিচয় কখনও ব্যবহার করতেন না। যথাযথ যত্ন পেলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম এ হান্নান বলেন, বুধবার হাসপাতালে ভর্তি হওয়ার পর আলেয়া বেগমের রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। তিনি পাঁচ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। এ ছাড়া তাঁর আরও কয়েকটি শারীরিক জটিলতা ছিল। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৪৫০ ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহে ১৯, চট্টগ্রামে ৫১, খুলনায় ৬৬, রাজশাহীতে ১১, রংপুরে ৪৪ এবং বরিশাল বিভাগে ৬৪ জন। সিলেট বিভাগ থেকে এ সময়ে কোনো আক্রান্তের তথ্য পাওয়া যায়নি।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০ জন। এ সময়ে মারা গেছেন ৩৯ জন। এর মধ্যে শুধু জুলাই মাসের প্রথম ২২ দিনেই আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ২১ জন। জুন মাসে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯০৭ জন, মৃত্যু হয়েছিল ১৩ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪, আর মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

আরও পড়ুন

×