ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিদ্যুৎ চুক্তিগুলো সার্বভৌমত্বের জন্য হুমকি: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ চুক্তিগুলো সার্বভৌমত্বের জন্য হুমকি: বিদ্যুৎমন্ত্রী
×

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৫:২৭

আওয়ামী লীগ সরকারের সময় ভারতসহ বিদেশি ও বেসরকারি খাতের সঙ্গে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেন, বিদ্যুৎ খাতের সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিবিড়ভাবে জড়িত। অথচ আগের সরকার এই বিষয়কে গুরুত্ব না দিয়ে একের পর এক দেশবিরোধী চুক্তি করেছে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশের বিদ্যুৎ পরিস্থিতি, জ্বালানি সংকট, এলএনজি আমদানি, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বিএনপি সরকারের নীতি ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতে নিজস্ব সক্ষমতা বাড়ানো। অথচ দেশে পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকার পরও বিগত সরকার বেসরকারি খাত এবং বিদেশ থেকে বিদ্যুৎ আমদানির সিদ্ধান্ত নিয়েছিল, যা দেশের সার্বভৌমত্বের পরিপন্থি।

আদানি চুক্তিসহ বিগত সরকারের সময় করা সব বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন সরকার সবে দায়িত্ব নিয়েছে। দেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই প্রতিটি চুক্তি খতিয়ে দেখা হবে। যেসব চুক্তি দেশবিরোধী বলে প্রতীয়মান হবে, সেগুলোর বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতাকে কিছু নির্দিষ্ট গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছিল। এসব বিষয় পুনর্মূল্যায়ন করে একটি সমাধানের পথে এগোতে হবে। এ জন্য একটি কমিটি এরই মধ্যে কাজ করে প্রতিবেদন দিয়েছে।

আইনি জটিলতা প্রসঙ্গে বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকার আলোচনার মাধ্যমে সমাধানে যেতে আগ্রহী। তবে কেউ যদি আদালতের আশ্রয় নেয়, তাহলে সরকারকেও সেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে ইকবাল হাসান মাহমুদ বলেন, জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে গুণগত মানসম্পন্ন জ্বালানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন

×