অপারেশন থিয়েটারে শিশুকে থাপ্পড়, অভিযুক্ত কর্মচারী সাময়িক বরখাস্ত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ১৬:৩১
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) চিকিৎসা নিতে আসা এক শিশুকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
অভিযোগের পর কর্মচারী জি এম নাজমুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের ওটিতে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় শিশুটির গালে থাপ্পড় মারছেন জি এম নাজমুল হাসান। এ ঘটনায় শিশুটি ও তার অভিভাবক শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। শিশু নির্যাতন প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জি এম নাজমুল হাসানকে ৭ মার্চ ২০২৬ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে আরএস ক্যাজুয়ালিটির চিকিৎসক মো. মাজাহারুল রেজওয়ানকে। সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র স্টাফ অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন এবং সদস্য সচিব মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. হাসান মেহমুদ।
তদন্ত কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
