সাংবাদিকের বিরুদ্ধে মামলার নিন্দা জানাল ক্র্যাব-ডিআরইউ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ২১:৩৬ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ২১:৪০
সাংবাদিক মিজানুর রহমানের (মাসুম মিজান) বিরুদ্ধে মানহানি মামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি–ডিআরইউ এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন–ক্র্যাব। গত মঙ্গলবার আলাদা বিবৃতিতে দুই সংগঠন নিন্দা ও উদ্বেগ জানায়। ব্যাংকে টাকা জমা দেওয়া নিয়ে শাখা ব্যবস্থাপকের সঙ্গে গ্রাহকের বাকবিতণ্ডার ঘটনায় সামাজিক মাধ্যমে তথ্যচিত্র প্রকাশ করায় তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল যৌথ বিবৃতিতে বলেন, জনস্বার্থে কোনো ঘটনা অনুসন্ধান করে তথ্য–প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করায় একজন সাংবাদিককে মামলার আসামি করা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। সত্য তথ্য তুলে ধরার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলে তা গণমাধ্যমের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতার জন্য নেতিবাচক বার্তা দেয়। এ ধরনের পদক্ষেপ গণমাধ্যমকর্মীদের ওপর অযাচিত চাপ ও ভীতি সৃষ্টির শামিল। ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক অবিলম্বে সাংবাদিক মাসুম মিজানের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
এদিকে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ যৌথ বিবৃতিতে বলেন, তথ্য–প্রমাণের ভিত্তিতে প্রতিবেদন করাই সাংবাদিকের কাজ। পেশাদারিত্বের জায়গা থেকে মাসুম মিজান তাই করেছেন। তাকে মামলায় জড়ানোর অর্থ সাংবাদিকদের কাজে বাধা দেওয়া, যা অত্যন্ত উদ্বেগজনক ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।
সোনালী ব্যাংকের পুরান ঢাকার লক্ষীবাজার শাখায় গত বছরের ৯ সেপ্টেম্বর ডা. শাহরিয়া খানম টাকা জমা দিতে গেলে নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চাওয়া হয়। এ নিয়ে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলাম সুমনের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার সময়ের ভিডিও ফুটেজ নিয়ে দুই সপ্তাহ পর মাসুম মিজান একটি তথ্যচিত্র সামাজিক মাধ্যমে শেয়ার করেন। এতে মানহানির অভিযোগ এনে (এজাহারে যার মূল্য ৫০ কোটি টাকা বলা হয়েছে) মামলা করেন ডা. শাহরিয়া। মামলায় মাসুম মিজান ও জহিরুল ইসলাম সুমনকে আসামি করা হয়। সম্প্রতি মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ।
- বিষয় :
- ডিআরইউ
