গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল
বাসস
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ২২:২২
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। তাই আমাদের অবশ্যই সেটিকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসের ভিত্তিতেই কাজ করতে হবে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে দেশে আজ একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশে আবারও সাংবাদিকদের সঙ্গে একত্রিত হয়ে ইফতারে মিলিত হতে পারা আল্লাহর রহমত। বিভিন্ন সংগ্রামের সময়ে সাংবাদিকদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়া গেছে, তা সবসময় স্মরণ থাকবে।
রাজনীতিতে বর্তমানে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণের সমর্থন ও আস্থার ভিত্তিতে একটি নতুন সরকার গঠিত হয়েছে এবং আগামীকাল সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সংসদের মাধ্যমে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে এবং সংসদ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমই হচ্ছে একটি জাতির সম্মিলিত মনোযোগ। মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর স্বায়ত্তশাসন আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, প্রতিটি ক্ষেত্রেই গণমাধ্যম বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। গণমাধ্যমের সেই ভূমিকার কারণেই আপামর মানুষের মধ্যে রাষ্ট্রভাষা বাংলা চাই এই গণচেতনা তৈরি হয়েছিল।’ সংসদীয় ও সাংবিধানিক রাজনীতির সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।
ডিইউজে সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছলেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য দেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান উপস্থিত ছিলেন।
