বায়োমেট্রিক যাচাইয়ের ক্ষমতা পাচ্ছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা
নির্বাচন কমিশন ভবন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১৭:৩৪ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ | ১৮:১৮
ভোটারের আঙুলের ছাপ (বায়োমেট্রিক) আগে মাঠপর্যায়ে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ছাড়া অন্য কোথাও যাচাই করা হতো না। এই অবস্থায় নতুন করে আঙুলের ছাপ যাচাইয়ের ক্ষমতা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকেও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার ইসির জাতীয় পরিচয় (এনআইডি) অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, আগে বায়োমেট্রিক যাচাই তথা ‘এফআইএস ম্যাচিং’ এর ব্যবস্থা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ছিল না। এটি ওই কার্যালয়ে চালুর বিষয়ে আলোচনা হয়েছে। ইসির নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইসি সূত্র জানায়, জাতীয় পরিচয়পত্রে নিজের নাম কিংবা পিতা-মাতার নামের আমূল সংশোধনের জন্য প্রায় সবাইকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যেতে হয়। তবে সব কাগজপত্র ঠিক থাকলেও সেখানে সেবাগ্রহীতার আঙুলের ছাপ যাচাইয়ের সুবিধা না থাকায় তাকে আবার উপজেলা বা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে বায়োমেট্রিক যাচাই করে নিজের পরিচয় নিশ্চিত করতে হয়। এতে ভোগান্তি বাড়ে।
সূত্র আরও জানায়, এই কারণে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়েও আঙুলের ছাপ যাচাই সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সেবাগ্রহীতাদের ভোগান্তি কমবে এবং দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে ইসি।
ইসির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ১২০ জন।
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী হতে কর্মকর্তাদের নির্দেশনা ইসির
চলমান জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারের নির্দেশনার পর ইসি সচিবালয় ও মাঠপর্যায়ের সব কর্মকর্তাকেও জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ী হতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার ইসি সূত্র আরও জানায়, সম্প্রতি চলতি মার্চ মাসের মাসিক সমন্বয় সভায় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ কর্মকর্তাদের এমন নির্দেশনা দেন। এক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেন্টিগ্রেডের ওপর রাখার নির্দেশ দেন তিনি। জ্বালানি তেল সাশ্রয়ে প্রয়োজনের বাইরে গিয়ে গাড়ি ব্যবহার না করার জন্য তিনি অনুরোধ করেন।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গত কয়েক সপ্তাহ ধরেই জ্বালানি তেলের সংকট রয়েছে। ইতোমধ্যে সরকার জ্বালানি ও বিদ্যুৎসাশ্রয়ী হতে নির্দেশনা জারি করেছে। এ সংক্রান্ত ১১ দফা নির্দেশনা জারি করা হয়।
- বিষয় :
- ভোটার
- নির্বাচন কমিশন
- ইসি
