ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংসদ ভবন এলাকায় পানির সংকট: চিফ হুইপ

সংসদ ভবন এলাকায় পানির সংকট: চিফ হুইপ
×

জাতীয় সংসদ ভবন

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১৬:৫৫

সংসদ ভবন এলাকায় পানির সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, পানির সমস্যা বেশি। গত দুই-তিনদিন ধরে ঘোলা পানি পাওয়া গেছে। এ কারণে আমার নিজের পেটও খারাপ হয়েছে। ঘোলা পানির সমস্যা সমাধানের জন্য সরকারকে বলা হবে। সংসদ ভবন এলাকায় এক কোটি লিটার পানির দরকার কিন্তু এখানে ২৭ লাখ লিটার পানি উৎপাদন হয়। এখানে পানির খুবই সংকট। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন চিফ হুইপ। 

কমিটির সভাপতি নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম ও মো. আবুল হাসনাত।

১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ
১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ দেওয়া হবে বলে জানান চিফ হুইপ। তিনি বলেন, প্রয়োজনীয় জিনিসপত্র বলতে কিছুই নেই। কিছু নষ্ট হয়েছে, সেগুলো ঠিক করেছি আমরা। সংসদ সদস্যদের নিরাপত্তাসহ সব বিষয়ে পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। সংসদ সদস্যদের আশ্বস্ত করতে চাই, তারা খুব শিগগিরই বাসায় উঠতে পারবেন।

সংসদের হাসপাতালের বিষয়ে বৈঠকে কথা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, আমাদের একটা আইসিইউ অ্যাম্বুলেন্স প্রয়োজন। লাশবাহী ফ্রিজিং গাড়ি চাই।

সংসদের সাউন্ড সিস্টেম এখনও কাজ করছে না
সংসদের সাউন্ড সিস্টেম এখনও কাজ করছে না জানিয়ে চিফ হুইপ বলেন, আমরা সাউন্ড সিস্টেমকে উন্নত করার চেষ্টা করছি। সেটা না পারলে নতুন সাউন্ড সিস্টেম বসানো হবে। কিন্তু এ সাউন্ড সিস্টেম যাতে কাজ করে সে চেষ্টা করা হচ্ছে। সাউন্ড সিস্টেম বিভ্রাট নিয়ে গঠিত তদন্ত কমিটি আগামী ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানান চিফ হুইপ।

সময় বরাদ্দ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অভিযোগ সঠিক নয়
সময় বরাদ্দ নিয়ে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কথাটা সঠিক নয়। সাধারণত সংসদে কথা বলেন বিরোধী দল। সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। বিল নিয়ে কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বাজেট অধিবেশনেও কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শুধুমাত্র রাষ্ট্রপতির ভাষণের আলোচনার বিষয়টি সমভাবে বণ্টন করে দিয়েছি। তারা যত ঘণ্টা পেয়েছেন, তারাই সেটা ভাগ করে দেবেন। আমি শুধু নামটা দেব।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস‌্যা চিহ্নিত করার জন্য রকিবুল ইসলামকে এবং সংসদ ভবনের ক‌্যান্টিনের খাবারের মান যাচাই, সংসদ ভবন এলাকায় সরবরাহ লাইনের পানির মান যাচাই ও সংসদ সদস‌্য ভবনের ব‌্যবহৃত আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের লক্ষ‌্যে নায়াব ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দুটি সাব কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

×