সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের আত্মপ্রকাশ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ০৮:৫৬
| প্রিন্ট সংস্করণ
দেশের ১৩টি বামপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দল ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’ গঠন করেছে। আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে নতুন এই জোট। একই দাবিতে আগামী ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল এবং দাবির পক্ষে ১৬ থেকে ২২ এপ্রিল সারাদেশে গণসংযোগ ও প্রচারাভিযান চালাবে তারা।
গতকাল রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের আত্মপ্রকাশ ঘটে। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
নতুন জোট ও কর্মসূচি ঘোষণা করে বজলুর রশীদ ফিরোজ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। এটি বাংলাদেশের অর্থনীতি, কৃষি, শিল্প, কর্মসংস্থান, নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে ফেলবে।
অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপের মাধ্যমে স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন বজলুর রশীদ।
সংবাদ সম্মেলনে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদের (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া প্রমুখ।
