বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬ | ২১:৩৮
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার রাত সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা (মিডিয়া) আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ২টি ইউনিট যোগ দেয়। মোট ৭ ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি বলে জানান আনোয়ারুল ইসলাম।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পরপরই ভবন থেকে সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। নিয়ন্ত্রণে আনতে আনতে আগুন ভবনের অষ্টম এবং দশম তলায় ছড়িয়ে যায়। পরে রাত ৮টা ১৫ মিনিটের পর আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনার কথা জানায় ফায়ার সার্ভিস।
- বিষয় :
- আগুন নিয়ন্ত্রণ
- ফায়ার সার্ভিস
