স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও দেশে মবের ঘটনা ঘটেই চলেছে, সংসদে রুমিন ফারহানা
রুমিন ফারহানা। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬ | ১৭:৫২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ০৭:১৮
দেশে আর কোনোদিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণার পরও একটির পর একটি মবের ঘটনা ঘটেই চলেছে বলে সংসদে অভিযোগ করেছেন স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন। উনি একবার না, দুইবার না, কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছেন, দেশে আর মবের সংস্কৃতি হবে না। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি হবে না। উনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবেন। কিন্তু আমরা দেখলাম একটির পর একটি মবের ঘটনা ঘটেই চলেছে।’
আজ সোমবার সংসদের বৈঠকে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে ৭১-বিধির বাতিল নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে এসব অভিযোগ করেন রুমিন ফারহানা। এর আগে বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
রুমিন ফারহানা বলেন, ‘বিভিন্ন দেশে নানান রকম সংস্কৃতি থাকে—নাচের সংস্কৃতি, গানের সংস্কৃতি, অভিনয়ের সংস্কৃতি, কবিতার সংস্কৃতি। আমাদের দেশে গত দেড় বছর এবং এরপরের গত দুই মাস ধরে মবের সংস্কৃতি দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরানো হয়েছে। বাসসের প্রধানকে মব করা হয়েছে। বরিশাল আদালত প্রাঙ্গণে মব হয়েছে। সুপ্রিম কোর্টে আইনজীবীদের কক্ষে মব হয়েছে। ডেইলি স্টার-প্রথম আলো ভাঙা হয়েছে। চট্টগ্রামে দেড় বছর আগে নেচে-গেয়ে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে। কুষ্টিয়ায় একজন কথিত পীরকে পিটিয়ে মারা হয়েছে কিছুদিন আগে।’
রুমিন ফারহানা বলেন, মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখনই এরকম সংস্কৃতি বাড়ে এবং মানুষ এ ধরণের সংস্কৃতিতে জড়িয়ে যায়। মানুষের মধ্যে হতাশা আছে, ক্ষোভ আছে, তীব্র বৈষম্য আছে এবং সর্বোপরি আছে দৃষ্টান্তমূলক শাস্তির অভাব। গত দেড় বছর আগে চট্টগ্রামে মব করে যে লোকটিকে পিটিয়ে মারা হয়েছিল, তার বিচার এখন পর্যন্ত হয়নি।
