জুলাই সনদ নিয়ে উত্তেজনা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬ | ০৮:৪১ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ | ১০:৫৯
| প্রিন্ট সংস্করণ
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সদস্য মঞ্জুরুল করিম বিরোধী দলের উদ্দেশে বলেন, সংসদের প্রথম দিন থেকেই ‘আননেসেসারি’ একটি জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু করেছে। তাঁর বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সদস্য নুরুল ইসলাম বলেন, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকে ট্রেজারি বেঞ্চের সরকার গঠন করেছেন, যারা আজকের এই সংসদে জুলাইকে ‘আননেসেসারি’ বলছেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
এ সময় সংসদ সদস্যরা হইচই শুরু করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এখানে তো বিভিন্ন দলের সদস্য প্রতিনিধিত্ব করছেন। গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভিন্নতা। সুতরাং বাকস্বাধীনতার কারণে যে যার বক্তব্য খোলাখুলি সংসদে প্রকাশ করতে পারেন। এ সময়ও সদস্যরা হইচই করতে থাকেন। এরপর মাগরিবের নামাজের জন্য অধিবেশনের বিরতি দেওয়া হয়। বিরতির পর চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, আমি সংসদ সদস্য মঞ্জুরুল করিমকে বিষয়টি জিজ্ঞাসা করেছি। ওই সদস্য বলেছেন, আননেসেসারি বিতর্ক করা যাবে না– এটা তিনি বোঝাতে চেয়েছেন। প্রয়োজন হলে এটি এক্সপাঞ্জ করে দেওয়ার কথা বলেন তিনি। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।গতকাল সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
‘জুলাই শহীদ নিয়ে বিতর্ক অনাকাঙ্ক্ষিত’
আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি) বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনে এসেছিল। কিন্তু সেই আন্দোলনে সব রাজনৈতিক দল সমর্থন করেছিল। ৫ জুলাই আমরা সমর্থন ঘোষণা করেছিলাম; ৬ জুলাই বিএনপি সমর্থন ঘোষণা করে। একটা সময়, যখন ফ্যাসিবাদীরা বলল– এটা বিরোধী দলের আন্দোলন, বিরোধী দল হাইজ্যাক করছে, তখন কৌশলগত কারণে রাজনৈতিক দলগুলো, আমি ব্যক্তিগতভাবে সাক্ষ্য দিতে পারি– বিএনপির মহাসচিবের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আমাদেরকে এমনভাবে অবস্থান নিতে হবে, যাতে ফ্যাসিবাদীরা পুরোনো কৌশলে আন্দোলন ধ্বংস করতে না পারে। তারপরও আমরা দেখেছি কীভাবে তারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে... রীতিমতো ব্রাশ ফায়ার করে মানুষ মেরেছে। জুলাই শহীদ নিয়ে বিতর্ক অনাকাঙ্ক্ষিত বলেও জানান জোনায়েদ সাকি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণসংহতি আন্দোলন গত ২৮ জুলাই সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনে দিয়েছিল বলেও জানান দলটির তৎকালীন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, আমরা কখনোই বলিনি– আমরা যা বলেছি তা বাস্তবায়ন করতে হবে। আমরা বলেছিলাম, ন্যূনতম জাতীয় ঐকমত্য ছাড়া রূপান্তর নয়।
‘শিক্ষার্থীরা আর গুপ্ত রাজনীতি দেখতে চায় না’
সরকারি দলের হুইপ রকিবুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীরা আর গুপ্ত রাজনীতি দেখতে চায় না। তারা চায় প্রকাশ্যে সবকিছু হোক। যদি গুপ্তভাবে ‘মব ক্রিয়েট’ করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করার পাঁয়তারা শুরু হয়, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এটা কখনোই সুখকর হবে না।
‘হাসিনা বা আওয়ামী লীগ নয়, সমস্যা ফ্যাসিবাদ’
এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, অবশ্যই রাষ্ট্রকাঠামোর ঘুণে ধরা ব্যবস্থা সংস্কার করে গণভোটের যে রায়, সেটাকে বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে গণতন্ত্রের আবহ থাকবে; যে বাংলাদেশে জবাবদিহি থাকবে; যে বাংলাদেশে জনগণের পক্ষে কাজ করা হবে, সেই বাংলাদেশটা আমরা যদি অতীতের দিকে তাকিয়ে দেখি; সেই বাংলাদেশ আমরা পাই নাই।
তিনি বলেন, দেশকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করায়ত্ত করে রেখেছিল। তখন তারা সবাই মিলে রাষ্ট্র সংস্কারের কথা বলেছিলেন। তারা বলেছিলেন, শুধু হাসিনা বা আওয়ামী লীগের সমস্যা নয়; বাংলাদেশের সংবিধানের মধ্যে ফ্যসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলো পরিবর্তন করা তাদের লক্ষ্য। এ জন্য সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আসা হয়েছিল। সেই সংস্কারের প্রস্তাবনা এখন আঁধারে পড়ে গেছে।
‘দোসরকে ধন্যবাদ জানাতে জনগণ ভোট দেয়নি’
কোনো ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোসরকে ধন্যবাদ দেওয়ার জন্য জনগণ ভোট দেয়নি বলে মন্তব্য করেন নেত্রকোনা-৫ আসনের জামায়াতের এমপি মাছুম মোস্তফা। তিনি বলেন, যদি ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়!
‘রাষ্ট্রপতির মেরুদণ্ড হয় শক্ত, নয় বাঁকা হয়ে গেছে’
রাষ্ট্রপতির মেরুদণ্ড হয় শক্ত, না হয় বাঁকা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সদস্য আতাউর রহমান। এ সময় তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানানোর কারণে সরকারি দলের কঠোর সমালোচনা করেন। আতাউর রহমান বলেন, রাষ্ট্রপতির দেওয়া বক্তব্যে অন্তর থেকে ভালোবাসা তৈরি হচ্ছে না। কারণ এই রাষ্ট্রপতিই ফ্যাসিজমের সব কার্যক্রম বৈধতা দিয়েছেন।
- বিষয় :
- জুলাই সনদ
- গণঅভ্যুত্থান
- জাতীয় সংসদ
