বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ২২:৫৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে আলোচনার প্রস্তাব করলেও বিধির অজুহাতে তাকে কথা বলতে না দেওয়ায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। একই সঙ্গে বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন শেষ হওয়ার আগেই এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করে বাতিলের জন্য সরকার ও সকল সংসদ সদস্যের প্রতি দাবি জানায় ১৩টি বামপন্থি ও প্রগতিশীল দলের এই জোটটি।
গতকাল বুধবার সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। এতে বলা হয়, জাতীয় সংসদে অনেক অপ্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করে সময় নষ্ট ও অর্থের অপচয় করা হচ্ছে। অথচ জাতীয় গুরুত্বপূর্ণ এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে বলা হয়, এই বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বৃহস্পতিবার জাতীয় সংসদে এই চুক্তি নিয়ে আলোচনা ও জাতীয় স্বার্থবিরোধী অসম চুক্তিটি বাতিলের পদক্ষেপ নিতে হবে।
এতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় নির্বাচনের মাত্র তিন দিন আগে তড়িঘড়ি করে এই চুক্তি স্বাক্ষর করা হয়। একটি অনির্বাচিত সরকারের এ ধরনের আন্তর্জাতিক চুক্তি করার কোনো এখতিয়ার নেই। তাছাড়া মার্কিন ফেডারেল কোর্ট পাল্টা শুল্ক আরোপ করা অসাংবিধানিক ঘোষণা করেছে। যার সূত্র ধরে মালয়েশিয়া এ ধরনের চুক্তি স্বাক্ষর করলেও বাতিল করেছে, ভারত স্থগিত করেছে। ফলে বাংলাদেশের নির্বাচিত সরকার ও সংসদ এই বাণিজ্য চুক্তি বাতিলে যথাযথ পদক্ষেপ নেবে, এটাই দেশবাসীর প্রত্যাশা।
বিবৃতিতে স্বাক্ষর করেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্কাফী রতন, শুভ্রাংশু চক্রবর্তী, শরীফ নূরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ইকবাল কবির জাহিদ, মোশরেফা মিশু, মাসুদ রানা, হারুনার রশীদ ভূইয়া, নাসিরউদ্দীন নাসু, সৈয়দ হারুন অর রশীদ, রজত হুদা, শহীদুল ইসলাম ও আব্দুল আলী।
