ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

৮ জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু

৮ জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

কালবৈশাখী ও বৃষ্টির মধ্যে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। 
জামালপুরের ইসলামপুরে গতকাল সকালে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। তারা হলেন– উপজেলার গাইবান্ধা ইউনিয়নের শামীম মিয়া ও সাপধরী ইউনিয়নের সাগর ইসলাম। শামীম মিয়া দশআনি নদীতে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। আর সাপধরী ইন্দুল্লামারী এলাকায় সড়কে কাজ করছিলেন সাগর।

রাজবাড়ী সদর উপজেলার মর্জৎকোল গ্রামে বজ্রপাতে সুমন আহমেদ নামে একজন নিহত হয়েছেন। এ সময় তাঁর কোলে থাকা চার বছরের মেয়ে সাফিয়া ছিটকে পড়ে প্রাণে বেঁচে যায়। গতকাল সকালে সুমন মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন।  

পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব চাকামইয়া গ্রামে সেতারা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে তিনি বিকট শব্দে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ ছাড়া রাঙ্গাবালীর চরগঙ্গা গ্রামে বজ্রপাতে সৌরভ মজুমদার নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এক সপ্তাহ আগে তিনি প্রথম সন্তানের বাবা হন। 
রংপুরের তারাগঞ্জের কাজীপাড়া গ্রামে সাহেরা বেগম নামের এক নারী এবং শরীয়তপুরের নড়িয়ার মাইজপাড়া এলাকায় পদ্মা নদীতে বজ্রপাতে রাজিব শেখ নামে এক জেলের মৃত্যু হয়েছে। শেরপুর সদর উপজেলার মাছপাড়া বেপারীবাড়িতে ঈমান আলী নামের এক কৃষক নিহত হয়েছেন। বাগেরহাটে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামে রবিন হাওলাদার নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

কলাপাড়ায় দুদিনে ২৯ গরুর মৃত্যু 
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে গত মঙ্গলবার দুপুর থেকে গতকাল বুধবার পর্যন্ত ২৯টি গবাদি পশু মৃত্যুর খবর পাওয়া গেছে। কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ বলেন, আমরা এখন পর্যন্ত ২৩ কৃষকের ২৯টি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। 

বিদ্যালয় বিধ্বস্ত, তিন শিশু আহত
নড়াইলের কালিয়ায় কালবৈশাখীতে নারকেল গাছ ভেঙে একটি বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় মির্জাপুর শামছুর নাহার কেজি স্কুলের তিন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে আবু সাঈদ (৮) নামে এক শিক্ষার্থীকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকালে ঝড় শুরু হলে স্কুলের পেছনে থাকা নারকেল গাছ ভেঙে টিনের চালের ওপর পড়ে। শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের হাসপাতালে নেন। 
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধিরা)

আরও পড়ুন

×