থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৮:৩১
| প্রিন্ট সংস্করণ
ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গতকাল শনিবার দুপুরে মন্ত্রী আকস্মিক ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানা পরিদর্শনে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।
থানা পরিদর্শনের সময় মন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানাসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার ওসি, ডিউটি অফিসার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। মন্ত্রী সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ জনগণকে সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পুলিশ সদস্যদের মধ্যে কারও বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো মন্ত্রীর থানা পরিদর্শনের একটি ভিডিওতে দেখা যায়, পরিদর্শনের সময় তিনি সরাসরি ওসির কক্ষে প্রবেশ করে সেখানে উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও থানায় আসার কারণ জানতে চান। থানা হাজতে থাকা এক ব্যক্তির খাবার দেখেন। এ ছাড়া ওয়াশরুম ও ফ্যানের ব্যবস্থা আছে কিনা, খোঁজ নেন। পুলিশ সদস্যদের থাকার মেসও পরিদর্শন করেন মন্ত্রী। ওসিকে তিনি বলেন, বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।
রমনা থানার ওসি রাহাত খান বিকেলে সমকালকে জানান, স্ববাষ্ট্রমন্ত্রী আকস্মিক তাঁর থানা পরির্দশন করেন। থানা দালামুক্ত ও বিএনপির নাম ভাঙিয়ে কেউ যাতে সুবিধা নিতে না পারে, সে ব্যাপারে তিনি নির্দেশনা দিয়েছেন।
- বিষয় :
- স্বরাষ্ট্রমন্ত্রী
