ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট 

সাবেক অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা নিয়ে রিট 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টে রিট 
×

হাইকোর্ট। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ২৩:১০

অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে করা বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস সোমবার সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট আবেদন করেন। 

রিট আবেদনে পররাষ্ট্র সচিব, অর্থ সচিব ও বাণিজ্য সচিবকে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চে আজ মঙ্গলবার এ রিটের শুনানি হতে পারে। 
রিট আবেদনে বলা হয়, আলোচ্য চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছেন। পাশাপাশি সংবিধানের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের ওপর অসম শুল্ককাঠামো, নীতিনির্ধারণী স্বাধীনতা খর্ব এবং দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশের সম্ভাব্য ক্ষতির বিষয়টি তুলে ধরা হয়েছে। 

অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে গত ৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। 

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা নিয়ে রিট 

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদে পরিচালিত কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিমকের্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ সংশ্লিষ্ট শাখায় সোমবার রিট আবেদনটি জমা দেন। এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে কিনা, তা খতিয়ে দেখতে একটি কমিশন গঠনের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। 

মহসিন রশিদ বলেন, আবেদনে ওই সরকারের মেয়াদে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত, প্রণীত আইন, সংস্কার কমিশন গঠন এবং দেশীয় ও আন্তর্জাতিক চুক্তির বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। 

এর আগেও আইনজীবী মহসিন রশিদ সাবেক অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ ও গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট আবেদন করেছিলেন। তবে হাইকোর্টের একটি বেঞ্চ সেই আবেদনটি খারিজ করে দেন। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করা হলে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকারের বৈধতা বহাল রাখেন। 

আরও পড়ুন

×