ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়া সিটি করপোরেশনের অনুমোদন, হচ্ছে ৫ নতুন উপজেলা

বগুড়া সিটি করপোরেশনের অনুমোদন, হচ্ছে ৫ নতুন উপজেলা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৬ | ২২:২৫

বগুড়া সিটি করপোরেশনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একইসঙ্গে পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিকারের ১২০তম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বর্তমানে দেশে ১২টি সিটি করপোরেশন আছে। বগুড়া নিয়ে সিটি করপোরেশনের সংখ্যা হবে ১৩টি। বৈঠকে বগুড়া পৌরসভাকে উন্নীত করে বগুড়া সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসনিক সুবিধা ও জনসেবার মান বাড়াতে দেশের চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। 
নতুন উপজেলাগুলো হলো– বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে। নতুন এই পাঁচটি নিয়ে উপজেলার সংখ্যা হবে ৫০০।

সভায় বলা হয়, নতুন সিটি করপোরেশন ও উপজেলাগুলো গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর করা, নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। নিকার বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×