ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের নিরাপত্তা জোরদারের দাবি

জাতীয় পরামর্শ সভায় বক্তারা

যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের নিরাপত্তা জোরদারের দাবি
×

রাজধানীর গুলশানে গতকাল মঙ্গলবার জাতীয় পরামর্শ সভায় নাগরিক সমাজের প্রতিনিধিরা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৭:৫৯

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ ব্যবস্থাকে (পিএসইএএইচ) আরও শক্তিশালী করার মাধ্যমে এসবের শিকার সারভাইভারদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় পরামর্শ সভায় এসব দাবি জানান তারা।
‘সেফগার্ডিং রিসোর্স অ্যান্ড সাপোর্ট হাব (আরএসএইচ) বাংলাদেশ’ এই সভার আয়োজন করে। সভায় মানবিক সহায়তা, উন্নয়ন এবং নাগরিক সমাজ খাতে আরও কার্যকর, জবাবদিহিমূলক এবং সারভাইভারকেন্দ্রিক সেফগার্ডিং কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অংশগ্রহণকারীরা বলেন, বাংলাদেশে সেফগার্ডিং ব্যবস্থা শুধু নীতিমালা বা কমপ্লায়েন্সভিত্তিক না হয়ে বাস্তবমুখী, সমন্বিত এবং সারভাইভারকেন্দ্রিক হতে হবে। আলোচনায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা, সারভাইভার সহায়তা উন্নত করা, জবাবদিহি নিশ্চিত করা এবং অংশীজনের মধ্যে শক্তিশালী সমন্বয়ের প্রযোজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
সভায় জলবায়ু পরিবর্তন, মানবিক সংকট, বাস্তুচ্যুতি এবং কাঠামোগত বৈষম্যের কারণে সৃষ্ট সুরক্ষা ঝুঁকিও আলোচিত হয়। নারী, শিশু, শরণার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে যৌন শোষণ, নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সবচেযে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান বলেন, সেফগার্ডিংকে শুধু নীতিমালার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে। কমিউনিটির আস্থা তৈরি, অভিযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা, সমন্বিত অংশীদারিত্ব নিশ্চিত করা এবং সারভাইভারদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরএসএইচ বাংলাদেশের কান্ট্রি লিড কাশফিয়া ফিরোজ বলেন, প্রতিষ্ঠানটি যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ ও প্রতিক্রিয়ার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপদ, জবাবদিহিমূলক এবং সারভাইভারকেন্দ্রিক সেফগার্ডিং ব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে।
তেরে দেস হোমসের ডেপুটি রিজিওনাল ডিরেক্টর (এশিয়া হাব) মার্টিন সুইফ্যাট বলেন, যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং আঞ্চলিক অংশীদারদের সহায়তায় আরএসএইচের দ্বিতীয় পর্যায় বাংলাদেশে স্থানীয় সিএসওগুলোর পিএসইএএইচ সক্ষমতা বৃদ্ধি করছে।

আরও পড়ুন

×