সারাদেশে একযোগে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা’
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৮:০৭
| প্রিন্ট সংস্করণ
জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দিতে ১৯ মে থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা-২০২৬’। চলবে ২১ মে পর্যন্ত।
সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে ভার্চুয়ালি বিভাগীয় সদর, জেলা সদর ও উপজেলা পর্যায়েও একযোগে এই মেলার উদ্বোধন করা হবে।
ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগ থেকে জানা যায়, এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে– ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ সমকালকে বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মন্ত্রণালয় সূত্র জানায়, এবারের মেলায় দেশের সব বিভাগীয়, জেলা ও উপজেলা ভূমি অফিসে নাগরিকরা বিভিন্ন ধরনের ভূমিসেবা সরাসরি পাবেন। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন কার্যক্রমে সহায়তা, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপের আবেদন গ্রহণ এবং ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ।
এ ছাড়া অনলাইনে ডিসিআর ও ই-পর্চা সেবা, ডাকযোগে মৌজা ম্যাপ সরবরাহ এবং ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত করা কৃষি খাসজমির কবুলিয়ত ও দলিল হস্তান্তরের উদ্যোগও থাকবে মেলায়। সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মেলায় ভূমিসেবা পোর্টাল ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করতে বিশেষ সহায়তা বুথ স্থাপন করা হবে। এসব বুথে land.gov.bd পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং সংশ্লিষ্ট ফি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হবে।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে গ্রহণ করা হচ্ছে। এই ডিজিটাল সেবাগুলো সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও জনপ্রিয় করতে মেলায় ব্যাপক প্রচারণা চালানো হবে।
মেলা চলাকালে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অন্তত একটি করে জনসচেতনতামূলক সেমিনার বা সভার আয়োজন করা হবে।
পাশাপাশি ভূমিসেবা-সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানার জন্য হটলাইন নম্বর ১৬১২২ এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) সম্পর্কেও নাগরিকদের সচেতন করা হবে। সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক একটি বুকলেট সরবরাহ করা হবে। এ ছাড়া ভূমিসেবাবিষয়ক তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থাও থাকবে।
- বিষয় :
- মেলা
