ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচি উদ্বোধন করলেন জোবাইদা রহমান

‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচি উদ্বোধন করলেন জোবাইদা রহমান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০৫:০৫

প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

কর্মসূচি উদ্বোধনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন জোবাইদা রহমান।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে জোবাইদা রহমান বলেন, নির্দিষ্ট সময়ে চিকিৎসাসেবা দিয়ে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ সম্ভব। কোনো প্রতিবন্ধিতা যেন শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে বাধা না হয়। তিনি আরও বলেন, শিশু স্বর্গ প্রকল্প এমন শিশু-কিশোরদের মায়েদের সহযোগিতা করবে। আত্মবিশ্বাসই পারে বিষণ্নতার অন্ধকার থেকে মা ও শিশুকে উজ্জ্বল এবং স্বাবলম্বী ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী বলেন, ট্রেন ও লঞ্চে বিনা ভাড়ায় প্রতিবন্ধীদের যাতায়াতের বিধান করা হচ্ছে। সবখানে তাদের সহজ প্রবেশাধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন শুধু চিকিৎসা নয়; এটি মৌলিক মানবাধিকার। দেশে প্রায় ৩৫ লাখ গুরুতর প্রতিবন্ধী শিশু রয়েছে। এসব শিশুর অধিকাংশই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত। দ্রুত শনাক্তকরণ, চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে তাদের মূলধারায় আনার লক্ষ্যে সরকার কাজ করছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এসএম জিয়াউদ্দিন হায়দার, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ।

এ ছাড়া ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

আরও পড়ুন

×