ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাতীয় নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি 

জাতীয় নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ২২:৪৯

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ১৩ সদস্যের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকার ‘নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকল্পে জাতীয় সমন্বয় কমিটি’ নিম্নরূপে পুনর্গঠন করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের গত ৩০ এপ্রিল এক স্মারকের অনুবৃত্তিক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হলো। এটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২০১৯ সালের মার্চে আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তাবিষয়ক জাতীয় কমিটি গঠন করা হয়। ওই কমিটি জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সমস্যা পর্যালোচনা করে। এবার নিরাপত্তাসংক্রান্ত এই কমিটির নামে কিছুটা পরিবর্তন এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রিপরিষদ বিভাগের অধীন একটি জাতীয় নিরাপত্তা সেল গঠন করা হয়েছিল। 

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ ধরনের কমিটি আগেও ছিল। এবার নামে কিছুটা পরিবর্তন এসেছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সেল এখনও আছে। তবে অন্তর্বর্তী সরকারের আমল থেকে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি।  
নতুন ১৩ সদস্যের এ কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে সহসভাপতি এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টাকে প্রধান সমন্বয়ক রাখা হয়েছে। কমিটির অন্য সদস্যরা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা। 

কমিটির কর্মপরিধি

দেশের নিরাপত্তার পরিস্থিতি সার্বিকভাবে মূল্যায়ন করতে জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়াদি, ক্ষেত্র ও পরিধি নির্ধারণের পাশাপাশি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অগ্রাধিকার নির্ধারণ, আন্তঃসংস্থা বাস্তবায়ন তদারককরণ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাগুলোর কার্যপরিধি এবং ক্ষেত্র নির্ধারণ করবে কমিটি। প্রয়োজনে এ কমিটি প্রচলিত আইন ও বিধিবিধান সংশোধনের পাশাপাশি নতুন আইন ও বিধিবিধান প্রণয়নে সুপারিশ এবং অনলাইন প্ল্যাটফর্ম নিয়মিতভাবে তদারকির ব্যবস্থা নেবে। এ ছাড়া গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও নির্দেশনা দেবে কমিটি।

কমিটির সচিবালয়

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) কর্তৃক কমিটির সচিবালয় সংক্রান্ত প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা প্রদান করা হবে। তবে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতির নির্দেশক্রমে পরবর্তীকালে অন্য যে কোনো গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংস্থা কর্তৃক নির্ধারিত মেয়াদে কমিটির সচিবালয়ের দায়িত্ব পালন করতে পারবে।

সদস্য কারা

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, ডিজিএফআই, এনএসআই, বিজিবি, এনটিএমসি ও র্যা বের মহাপরিচালকসহ স্পেশাল ব্রাঞ্চ অব পুলিশের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়া কমিটিকে সহায়তাকারী হিসেবে চারজন কর্মকর্তাকে রাখা হয়েছে। তারা হলেন- সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, স্পেশাল সিকিউরিটি ইউনিটের (এসএসইউ) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান কর্মকর্তা ও মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×