ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

শেষ পরীক্ষা দিয়ে ফেরা হলো না দুই বন্ধুর

শেষ পরীক্ষা দিয়ে ফেরা হলো না দুই বন্ধুর
×

 কুষ্টিয়া ও ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৮:০৭

| প্রিন্ট সংস্করণ

এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সাকিবুল ইসলাম ও অপূর্ব ইফতি তাইফ। গতকাল বুধবার ছিল শেষ তাত্ত্বিক পরীক্ষা। দুপুরে পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসলে নামে। কিন্তু তারা আর ওঠেনি। দুই বন্ধুই তলিয়ে গেছে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর ব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। একই এলাকার সাইফুল ইসলামের ছেলে অপূর্ব এবং নুরুল ইসলামের ছেলে সাকিবুল। অপূর্ব দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল এবং শাকিবুল কুষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শহরের একটি কেন্দ্রে জীববিদ্যা পরীক্ষা দিয়ে বের হয় অপূর্ব ও সাকিবুল। তারা হরিপুর সংযোগ সেতু পার হয়ে গড়াই নদীর বাম তীরে গোসল করতে নামে। এক পর্যায়ে অপূর্ব ও সাকিবুল তলিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা টের পেলে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা  ইকবাল হাসান জানান, বিকেল সাড়ে ৪টার পর দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। 
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। 

পুকুরে ডুবে প্রাণ গেল ভাইবোনের
দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার খয়েরবাড়ি বাজার কুটিপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু হলো– কুটিপাড়ার শাহীন আলম ও কেয়া বেগম দম্পতির সাড়ে ৪ বছর বয়সী মেয়ে সাবিহা জান্নাত ও ৩ বছরের ছেলে মো. সিয়াম। দুই সন্তানকে হারিয়ে তাদের কান্না থামছে না।
কেয়া বেগম ও স্বজনেরা জানান, বাড়ির পাশে একটি খেলার মাঠ পেরোলেই পুকুর। সকাল ৮টার দিকে বাড়িতে নাশতা তৈরি করছিলেন কেয়া। শাহিন আলম দোকান খুলতে যান। তাদের দুই সন্তান ও আরেক শিশু মাঠে খেলছিল। একটা সময় পুকুরে একটি বোতল ভাসতে দেখে তুলতে যায় সিয়াম। কিন্তু পুকুরে নেমে পানিতে ডুবে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যেতে থাকে। তাকে বাঁচাতে পুকুরে নামে বোন সাবিহা। সেও তলিয়ে যায়। পরে পুকুরের ধারে থাকা অপর শিশু দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। তাদের মা-বাবাসহ স্থানীয়রা পুকুর থেকে শিশু দুটিকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

আরও পড়ুন

×