ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না

আসিফ মাহমুদের হুঁশিয়ারি

ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না
×

আসিফ মাহমুদ সজীব

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০৮:৫৯

| প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ এনে ক্ষমতাসীন বিএনপিকে হুঁশিয়ার করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, ‘বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল সহিংসতা চাইছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও বুঝি কখন কী করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, তা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেখিয়ে দিয়েছি।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এনসিপিতে বিভিন্ন দলের নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। অনুষ্ঠান চলাকালে নাসীরুদ্দীনের পাটওয়ারীর ওপর হামলার খবর আসে। এ খবরে সমবেতরা বিক্ষোভ করেন।

পাটওয়ারীর ওপর হামলাকারীদের রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনপীড়নের মাধ্যমে মোকাবিলার কৌশল নিচ্ছে, যা ভালো কিছু বয়ে আনবে না। এই প্রজন্মের সঙ্গে লড়াই করতে হবে। এই প্রজন্মের সঙ্গে লড়াই করার ভুলটা শেখ হাসিনা করেছিলেন। আশা করি, একই ভুল তারেক রহমান করবেন না। তিনি আরও বলেন, ‘ছাত্রদল-যুবদল আমাদের সহযোদ্ধা ছিল। তাদের প্রতি শ্রদ্ধা-সম্মান দেখাতে চাই। কিন্তু তারা যদি ছাত্রলীগ-যুবলীগের মতো সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক আন্দোলনকে দমন করার চেষ্টা করেন, তাহলে তার চেয়ে খারাপভাবে তাদের পতন হবে।’
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। 
 

আরও পড়ুন

×