বুকে জড়ানো ‘শিশুর মরদেহ’ চোখে নীরব আর্তনাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০৮:০৩
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর ব্যস্ত সড়কে হঠাৎ থমকে দাঁড়ান মানুষ। সামনে এগিয়ে আসছে এক অদ্ভুত শোকযাত্রা। কালো পোশাকে মোড়া নারী-পুরুষদের কারও বুকে সাদা কাফনে জড়ানো শিশুর প্রতীকী মরদেহ, কারও চোখে নীরব আর্তনাদ। চারপাশে ভেসে আসছে প্রশ্ন–‘কে বাঁচাবে শিশুদের?’, ‘কার কাছে চাইব জবাব?’
প্রতিবাদের ভাষা হয়ে ওঠে সেই নীরব পদযাত্রাই। হামে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় রাষ্ট্র ও স্বাস্থ্যব্যবস্থার জবাবদিহি দাবি করে এমন প্রতীকী আয়োজন করে নাট্যসংগঠন প্রাচ্যনাট।
কাঁটাবন মোড়ে ‘কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স’-এর সামনে শনিবার বিকেলে নাট্যদল প্রাচ্যনাট আয়োজন করে ব্যতিক্রমী প্রতিবাদী পরিবেশনা ‘শিশুমর্গ’। কাঁটাবন থেকে শুরু হওয়া ‘শিশুমর্গ’ মিছিল পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে থামে। প্রতীকী এ পরিবেশনায় নাট্যকর্মীরা তুলে ধরেন সন্তান হারানো বাবা-মায়ের অসহনীয় বেদনার ছবি। কেউ শিশুর কাফন মোড়া দেহ বুকের সঙ্গে চেপে ধরেছেন; কেউ শোকাহত মানুষের মতো নিঃশব্দে হাঁটছেন। অনেকের চোখে ভেসে উঠেছে হাসপাতাল থেকে সন্তানের মরদেহ নিয়ে বেরিয়ে আসা স্বজনদের পরিচিত দৃশ্য।
হামে আক্রান্ত হয়ে দেশে বিপুল সংখ্যক শিশুর মৃত্যুর প্রতিবাদে এ আয়োজন করা হয়। আয়োজন সম্পর্কে প্রাচ্যনাটের প্রধান আজাদ আবুল কালাম বলেন, চিকিৎসাব্যবস্থার ভয়ানক অবহেলার কারণেই শিশুদের এ মৃত্যু ঘটছে। সাংস্কৃতিককর্মী হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা রাজপথে নেমেছেন।
এদিকে শিশু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার উদ্যোগে গতকাল সেগুনবাগিচায় মানববন্ধন করা হয়।
- বিষয় :
- শিশু
