তেজগাঁও শিল্পাঞ্চলে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী কারাগারে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ২২:৪৯
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জেসমিন আক্তার বিথী নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বিথীর স্বামী আল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারের পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, আল আমিন ও বিথী দম্পতি তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন হ্যাপি হোমস এলাকার বন্ধু বেকারির গলির একটি বাসায় বাস করতেন। শুক্রবার রাতে ওই বাসা থেকে বিথীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান সমকালকে জানান, প্রাথমিক ধারণা বিথী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় বিথীর বাবা ইলিয়াস বেপারী বাদি হয়ে আত্মহত্যা প্ররোচনা মামলা করেছেন। এতে স্বামী আল আমিনসহ তিনজনকে আসামি করা হয়েছে।
বিথীর বাবা এজাহারে উল্লেখ করেছেন, সাত বছর আগে আল আমিন ও বিথীর বিয়ে হয়। আগে থেকে তাদের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর থেকে আল আমিন পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার যৌতুকের টাকা দাবিতে বিথীকে মারধর করেন আল আমিন। নির্যাতন সহ্য করতে না পেরে বিথী আত্মহত্যা করেছেন।
- বিষয় :
- লাশ উদ্ধার
- কারাগার
