ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্সআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 

জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্সআপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
×

ছবি: সমকাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ২৩:৫৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা। ‘প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন-২০২৬’ শিরোনামের এবারের প্রতিযোগিতায় দেশের ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি দল তাদের লিখিত আইনি যুক্তিপত্র (মেমোরিয়াল) জমা দেয়। লিখিত মেমোরিয়াল যাচাই-বাছাই শেষে ১৬টি দল মৌখিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। প্রতিযোগিতাটি প্রিলিমিনারি, অক্টাফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হয়। ‘ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল’ প্রতিপাদ্যে আয়োজিত দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 

আজ শনিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক জাস্টিস সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী-পরিচালিত আইনবিষয়ক সংগঠন সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করে। এবারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। ৪২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবারে অংশ নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাইকোর্ট ডিভিশনের বিচারক জাস্টিস সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন বলেন, ‘আদালত হলো ন্যায়বিচার, সাংবিধানিক এবং আইনের শাসনের রক্ষাকবচ। আর আদালত ব্যবস্থার কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে সেখানে কর্মরত বিচারক, আইনজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দক্ষতা ও যোগ্যতার ওপর।’

সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন আরও বলেন, ‘মুট কোর্ট প্রতিযোগিতা আইন শিক্ষার্থীদের ভবিষ্যতে আদালতের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করে। একজন সফল মুটারের জন্য প্রয়োজন ধৈর্য, অধ্যবসায় এবং দীর্ঘ সময় ধরে গবেষণা ও বিশ্লেষণ করার মানসিকতা।’

শিক্ষার্থীদের উদ্দেশে বিচারক বলেন, ‘শুধু আইন নয়, শিল্প, সাহিত্য, বিজ্ঞান সবকিছুই পড়ুন। একজন আইনজীবীকে জীবনের নানা ক্ষেত্রে বিচরণ করতে হয়। কোনো জ্ঞানই বৃথা যায় না। নিজেকে সীমাবদ্ধ না রেখে সব ধরনের জ্ঞান অর্জনের চেষ্টা করুন।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আরশাদূর রউফ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এ.ই.এম. ইসমাইল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দেশের বিচারাঙ্গণ ও আইন শিক্ষার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, আইন শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা আইনি জ্ঞান, গবেষণা দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও যুক্তিনির্ভর বিতর্কের সক্ষমতা প্রদর্শনের সুযোগ পান। পাশাপাশি তরুণ আইন শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও আইনি বিশ্লেষণ দক্ষতা বিকাশও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন

×