ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

ধান কাটার কথা বলায় দিনমজুরকে পিটিয়ে হত্যা

ধান কাটার কথা বলায় দিনমজুরকে পিটিয়ে হত্যা
×

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ায় হয় শ্যামল চন্দ্রকে

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ২৩:৩২

জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটার কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরকে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে (৩৫) ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। 

এ ছাড়া আজ চট্টগ্রামের ফটিকছড়িতে হরিণ শিকারির গুলিতে কৃষকের মৃত্যু, বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের এবং ফেনীর দাগনভূঞায় এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আক্কেলপুরে নিহত শ্যামল চন্দ্র কাশিড়া শীলপাড়া গ্রামের বীরেন চন্দ্রের ছেলে। তিনি পেশায় দিনমজুর ও মাছ ব্যবসায়ী ছিলেন। আর আটক হাসান আলী উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের বাসিন্দা। তাকে স্থানীয়রা নেশাগ্রস্ত ও ভবঘুরে প্রকৃতির মানুষ হিসেবে চেনে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেল ৪টার দিকে কাশিড়া হাটে যাওয়ার পথে সেলিম মেম্বারের বাড়ির সামনে শ্যামলের সঙ্গে হাসান আলীর দেখা হয়। এ সময় শ্যামল তাঁর ভাইয়ের জমির ধান কাটার কথা বললে হাসান ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যামল হাটের দিকে রওনা দিলে হাসান পেছন থেকে একটা গাছের ডাল দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে শ্যামল সড়কের ওপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত হাসান আলী নিজের অপরাধ স্বীকার করে বলেন, ‘শ্যামল আমাকে ধান কাটতে বলেছিল। এই কারণে আমি গাছের ডাল দিয়ে তার মাথায় মেরেছি। পরে লোকজন আমাকে ধরে মারধর করেছে।’ 

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

ফটিকছড়িতে হরিণ শিকারির বন্দুকের গুলিতে কৃষকের মৃত্যু 
চট্টগ্রামের ফটিকছড়িতে হরিণ শিকার করতে গিয়ে জমিল উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের উত্তরের পাহাড়ে এই ঘটনা ঘটে। নিহত জমিল খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত তোফায়েল আহমেদের ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত জমিল কয়েকজন সঙ্গীসহ পাহাড়ে হরিণ শিকারে গিয়েছিলেন। এ সময় অন্য এক শিকারির বন্দুক থেকে ‘মিস ফায়ার’ হয়ে গুলি তাঁর শরীরে লাগে। সঙ্গীরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
বগুড়ায় একটি আবাসিক হোটেল থেকে বিপুল চন্দ্র পাল (৪৮) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে শহরের চারমাথা এলাকার ‘সেঞ্চুরি মোটেল’ নামের হোটেলটির ৬১০ নম্বর কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

বিপুল সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত সদস্য ছিলেন। হোটেল কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার রাতে তিনি কক্ষটি ভাড়া নেন। আজ শনিবার দুপুরে চেক আউটের সময় পার হলেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। 

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দীন জানান, কক্ষটি থেকে একটি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

দাগনভূঞায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা 
ফেনীর দাগনভূঞায় ইকবাল হোসেন নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান প্রাথমিকভাবে এটিকে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করলেও নিহতের পরিবার একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে। নিহতের ভাই আলমগীর হোসেন জানান, এলাকায় টাকাপয়সার লেনদেন নিয়ে ইকবালের সঙ্গে কয়েকজনের বিরোধ ছিল। দুর্বৃত্তরা তাঁকে অন্য কোথাও হত্যা করে বাড়ির সামনে মরদেহ ফেলে গেছে। 
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধি)

আরও পড়ুন

×