ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

সমকাল কার্যালয়ে যোগ ব্যায়ামের আয়োজন

সমকাল কার্যালয়ে যোগ ব্যায়ামের আয়োজন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ২০:৪৫ | আপডেট: ০৬ জুন ২০২৬ | ২১:১৩

আসন্ন ১২তম আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র আজ শনিবার বিকেলে দৈনিক সমকাল কার্যালয়ে যোগ ব্যায়ামের আয়োজন করে। তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবন মিলনায়তনে এভারগ্রিন ইয়োগা স্কুলের সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী সাংবাদিকদের জন্য যোগ ব্যায়ামের এমন সুন্দর আয়োজনে ধন্যবাদ জানান। তিনি বলেন, সুস্থভাবে সাংবাদিকতার জন্য শান্ত মন, সুস্থ শরীর ও মানসিক প্রশান্তি জরুরি। তবে এই পেশায় সব সময়ই অনেক ধরনের মানসিক চাপও থাকে। যোগ ব্যায়াম তথা ইয়োগা এই মানসিক চাপ কাটিয়ে সুস্থ সাংবাদিকতার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে।

আজকের এই দ্রুতগতির বিশ্বের উত্তেজনা সত্ত্বেও যোগ ব্যায়াম সমকাল কর্মীদের নিজেদের সতেজ করতে এবং আরও বেশি কর্মক্ষম হতে সক্ষম করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন শাহেদ মুহাম্মদ আলী। 

ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভিকে বলেন, যোগ হলো মন, শরীর ও আত্মার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা। সুস্থ ও সবলভাবে জীবনযাপনের জন্য এটি হচ্ছে শ্রেষ্ঠ সমাধান।

প্রতি বছর ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই) উদযাপনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, যোগ একটি প্রাচীন অনুশীলন, যা ভারতে উদ্ভূত হয়েছিল। শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতা বৃদ্ধিতে এটি বর্তমানে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। 

২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আইডিওয়াই-এর ধারণাটি প্রস্তাব করেন। পরে জাতিসংঘের ১৭৭টি সদস্য রাষ্ট্রের সমর্থনে ২০১৪ সালের ১১ ডিসেম্বর একটি প্রস্তাব গ্রহণ করে, যেখানে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়।

২০১৫ সালে শুরু হওয়ার পর উদযাপনটি এবার ১২তম বর্ষে পৌঁছেছে। এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের মূল বিষয় ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। যা জীবনের সকল পর্যায়ে দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা বৃদ্ধিতে যোগের গুরুত্ব তুলে ধরে।

পরে এভারগ্রিন ইয়োগা স্কুলের ইনস্ট্রাক্টর শান্তনু বিশ্বাস বাপ্পা ও মাকিং মার্মা শামার পরিচালনায় যোগ ব্যায়ামের বিভিন্ন সেশনে সমকাল কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে স্বাস্থ্যকর করপোরেট জীবনযাপনের জন্য বিশেষভাবে তৈরি সহজ আসন, প্রাণায়াম (শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম) এবং ধ্যানের উপর নির্দেশিত সেশনের ব্যবস্থা ছিল।

আরও পড়ুন

×